২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকে সন্দেহভাজন জঙ্গির হিসাব চিহ্নিত হয়েছে: সাইফুর রহমান

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংকে কতিপয় সন্দেহভাজন জঙ্গির হিসাব চিহ্নিত হয়েছে। তবে ওইসব হিসাবে লেনদেনকৃত অর্থ জঙ্গি তৎপরতায় ব্যবহৃত হয়েছে কিনা, সে বিষয়টি তদন্তাধীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2006, 01:35 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

জাতীয় পার্টির সদস্য গোলাম মোহাম্মদ কাদেরের এক প্রশ্নের জবাবে মঙ্গলবার তিনি সংসদে একথা বলেন।

ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

অর্থমন্ত্রী জানান, সন্দেহজনক লেনদেন তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের নিকট রিপোর্ট করার জন্য সকল ব্যাংকের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

বিএনপির প্রকৌশলী শামসউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে সাইফুর রহমান জানান, চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত প্রবাসী বাংলাদেশীরা প্রায় চার হাজার ৩৮০ কোটি টাকার রেমিটেন্স প্রেরণ করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।

জামাতের মিয়া গোলাম সারোয়ারের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, দেশে বর্তমানে কোটি টাকার ওপরে ঋণখেলাপীর সংখ্যা এক হাজার ৭৭৯ জন। দেশে বর্তমানে খেলাপী ঋণের পরিমাণ ২০ হাজার ৭১৬ কোটি ৯৮ লাখ টাকা। এই ঋণ আদায়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

শাহ মোহাম্মদ সোলায়মান আলমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে দেশে রাজস্ব আদায়ের লক্ষমাত্রা ৩৪ হাজার ৪৫৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। গত মে মাস পর্যন্ত আদায় হয়েছে ২৯ হাজার ৩৮৮ কোটি ১৭ লাখ টাকা।