২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি’র ২০০৬--০৭ অর্থবছরের ১ হাজার ৫০৫ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ২০০৬--২০০৭ অর্থবছরের জন্যে ১ হাজার ৫০৫ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 10:56 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা সোমবার মহানগর নাট্যমঞ্চে এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে দেশী--বদেশী সাহায্য ধরা হয়েছে ১ হাজার ৫০ কোটি টাকা। এছাড়া সরকারি অনুদান হিসেবে আরো ২০০ কোটি টাকা পাওয়ার কথা বলা হয়েছে।

এতে ডিসিসির নিজস্ব আয় ধরা হয়েছে মাত্র ৪৬৩ কোটি ৮৬ লাখ টাকা।

বাজেট বক্তব্যে মেয়র খোকা সীমাহীন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, মহানগরীর উন্নয়নের জন্যে দেশী--বিদেশী অর্থসহায়তা আরো বাড়ানো প্রয়োজন।

এ সময় মেয়র খোকা দেশের ছয়টি সিটি করপোরেশনের মেয়রের ১২টি সমন্বিত সুপারিশ বাস্তবায়ন, মহানগরীর সেবা সংস্থাগুলোকে করপোরেশনের আওতাভুক্ত করা এবং ডিসিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে স্থানান্তরের দাবি জানান।

এ বাজেটে আগামী ৫০ বছরের জন্যে একটি মহাপরিকল্পনা প্রণয়নের কথা বলা হয়েছে।

দীর্ঘ বক্তৃতায় মেয়র গত চার বছরে মহানগরীর উন্নয়ন ও আগামী বছরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজস্ব বাড়ানোর চাপ থাকলেও প্রস্তাবিত বাজেটে কোনো রাজস্ব বৃদ্ধি করতে পারেনি।

এ বছর বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩২ কোটি টাকা বাড়িয়ে ৪৬৩ কোটি ৮৬ লাখ টাকা করা হয়েছে। এটি গত বছর ছিল ৪৩২ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয়ের ৭৭৪ কোটি টাকাই বিভিন্ন সাহায্যপুষ্ট প্রকল্প থেকে পাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এ বাজেটে সাধারণ ওয়ার্ড কমিশনারদের জন্যে ১ কোটি ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কমিশনারদের জন্যে ৩৫ লাখ টাকা করে পৃথক উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে।

ডিসিসি সূত্রে জানা যায়, চলতি ২০০৫--২০০৬ অর্থবছরের মূল বাজেট ছিল ১ হাজার ২৪৭ কোটি ৭২ লাখ টাকার। এটি সংশোধিত বাজেটে হয় ৮৭৯ কোটি ৪৫ লাখ টাকা। মূল বাজেটের সঙ্গে সংশোধিত বাজেটে ঘাটতির ব্যবধান ৩৬৮ কোটি ২৭ লাখ টাকা, যা প্রায় ৪৩ শতাংশ কম।

এর আগে ২০০৩--২০০৪ অর্থবছরে মূল বাজেট ছিল ৭৬২ কোটি ৯৬ লাখ টাকার। এটি পরে সংশোধিত বাজেটে ৬৪১ কোটি ৮ লাখ টাকায় দাঁড়ায়। এতে ঘাটতি থাকে ১২১ কোটি ৮৮ লাখ টাকা।

২০০৪--২০০৫ অর্থবছরে মূল বাজেট ছিল ৯২২ কোটি টাকার।

সংশ্লিষ্টরা প্রতি বছরের মতো এবারো বাজেটে সকল খাতে ঘাটতির পরিমাণ বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেন।

বাজেট ঘোষণার সময় ডিসিসির কমিশনার কাজী আবুল বাশার, প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফউদ্দিন আহমেদ, সচিব আলমগীর হোসেন খান, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মো. নুরুন্নবী, প্রধান প্রকৌশলী ইদ্রিস মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সাধারণ বোর্ডের সভায় বাজেটটি পাস করা হয়।