২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে চাল, ডাল, চিনি ও গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা আরোপ

বাংলাদেশে চাল, ডাল, চিনি ও গম রপ্তানিতে ভারতের হঠাৎ নিষেধাজ্ঞা আরোপ উভয় পক্ষের ব্যবসায়ীদের জন্য ব্যাপক সমস্যা সৃষ্টির পাশাপাশি দেশের বাজারে এ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ভারত সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং তাদের অভ্যন্তরীণ বাজার ভারসম্য রাখার কারণ দেখিয়ে ২২ জুন হঠাৎ করে তিন মাসের জন্য বাংলাদেশে ওই চারটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

বিডিনিউজ চাঁপাইনবাবগঞ্জ ও বেনাপোল স্থল বন্দর প্রতিনিধিরা জানান উভয় দেশের ব্যবসায়ীরা নিষেধাজ্ঞার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

বিডিনিউজ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, ভারত সরকারের হঠাৎ নিষেধাজ্ঞা আরোপে সোনা মসজিদ স্থল বন্দরের ব্যাবসায়ীদের পাশাপাশি ভারতের মালদহ জেলার মোহদীপুর এলসি স্টেশনের রপ্তানিকারকরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

সূত্র জানায়, সোনামসজিদ বন্দরের বিপরীতে ভারতের মোহদীপুরে চাল, ডাল ও গমসহ ৭০/৮০ টি ভারতীয় রপ্তানিমুখী ট্রাক আটকে যাওয়ায় সোনামসজিদ বন্দরের ব্যাবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

নিত্যপ্রয়োজনীয় চারটি পণ্য আমদানি বন্ধ হয়ে যাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে পাইকারি ও খোলা বাজারে। ৪০/৫০ টাকার মসুর ডালের দাম বেড়েছে ১০/১২ টাকা। চাল, গম ও চিনির বাজারও উর্দ্ধমুখী।

বন্দর সূত্র জানায়, সোনামসজিদ বন্দর দিয়ে ২২ জুন ১৫ টন করে ১২ ট্রাক চাল, ২২ ট্রাক মসুর ডাল, ২৩ জুন ৪ ট্রাক চাল এবং ২৪ জুন ২ ট্রাক চাল ভারত থেকে আসে। কিন্তু ২৩ জুন থেকে ডাল রপ্তানি বন্ধের পাশাপাশি রোববার থেকে চাল, গম ও চিনি রপ্তানিও বন্ধ হয়ে যায়।

সোনামসজিদ স্থল বন্দরের সিঅ্যান্ডএফএ এজেন্ট সমিতির যুগ্ম আহ্বায়ক ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে বলেন, বিষয়টি একান্তই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার।

সোনামসজিদ বন্দর আমদানি ও রপ্তানিকারক গ্র“পের সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, এলসি খোলার পরও নির্দিষ্ট পণ্য আমদানি করতে না পারায় ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছে। সোনামসজিদের বিপরীতে ভারতের মেহদীপুরে বেশ কিছু গাড়ি নিষেধাজ্ঞার কারণে আটকা পড়েছে বলৈও তিনি জানান।

এ বিষয়ে সোনামসজিদ বন্দরের কাস্টমসের সহকারী কমিশনার আব্দুর রহমানকে প্রশ্ন করা হলে তিনি কোন কথা বলতে অস্বীকৃতি জানান।

অপরদিকে বিডিনিউজ বেনাপোল প্রতিনিধি জানান, ভারত শনিবার নিষেধাজ্ঞা আরোপের পর মাত্র ৬১২ মেট্রিক টন ডাল সীমান্ত অতিক্রম করেছে। শনিবার মাত্র ১০ ট্রাক ডাল পার হয়, যা আগের দিনই অনুমোদন পেয়েছিলো।

ডাল, চাল, চিনি ও গম বোঝাই করে শতাধিক ট্রাক সীমান্তের অপরপার পেট্রোপালে পার হওয়ার জন্য অপেক্ষা করছে বলেও বন্দর সূত্র জানায়।