২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস শ্রমিকরা রোববার মজুরী বোর্ড কার্যালয় অবরোধ করবে

শ্রমিক প্রতিনিধি নিয়োগ পরিবর্তন এবং ৩০ শতাংশ অন্তবর্তীকালীন মহার্ঘ্য ভাতার দাবিতে গার্মেন্টস শ্রমিকরা রোববার মজুরী বোর্ড ঘেরাও করবে। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আমিরুল হক আমিন শনিবার সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

এ সময় সংগঠনের সভাপতি শাহিদা সরকার, নূরুণ নাহার মো. ফারুক এবং সংগঠনের উপদেষ্টা আবেদ রেজাও উপস্থিত ছিলেন।      

তারা গার্মেন্টস খাতের জন্য ৩১ মে গঠিত ন্যুনতম মজুরী বোর্ডে সরকারের নিয়োগকৃত শ্রমিক প্রতিনিধি অবিলম্বে পরির্বতনের দাবি করে বলেন, ‘আমরা ১৬টি রেজিস্ট্রেশনকৃত জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের তিনজন প্রতিনিধির মধ্যে যে কোনো একজনকে নিয়োগ করতে পারেন। এ প্রথা সকল প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে মেনে চলা হয়েছে।’

অতীতে মজুরী কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলার অভিজ্ঞতার কথা উল্লেখ করে আমিরুল আমিন বলেন, এ কমিশনের ঘোষণা বাস্তবায়নের বিরুদ্ধে যে কেউ রিট আবদেন করতে পারেন।

সরকার ৩১ মে শ্রমিক প্রতিনিধি হিসেবে নাজমা আক্তারকে নিয়োগে দেন। পরবর্তী সময়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের দাবির প্রেক্ষিতে শ্রমমন্ত্রী আমানউল্লাহ আমান নাম প্রত্যাহার করে নতুন একজন প্রতিনিধির নাম পাঠাতে বলেন।

শ্রমিক নেতারা সম্মিলিতভাবে তিন প্রতিনিধির নাম পাঠিয়েছে। অবশ্য শনিবার পর্যন্ত নতুন প্রতিনিধির নাম পরির্বতন করা হয়নি।

সূত্র জানায়, দুটি শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে মে মাসের শেষদিকে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামে নাজমা আক্তার সরকারের থেকে রেজিস্ট্রেশন নেন।      

এদিকে বাংলাদেশ গার্মেন্টস প্রস্ততকারক সমিতি (বিজিএমইএ) সূত্র জানায়, তারা মজুরী বোর্ডের প্রতিনিধি নিয়োগের ব্যাপারে তিনজন প্রতিনিধি’র নাম প্রস্তাব করলে সরকার আনিসুল হককে নিয়োগ দেন।