ওরিয়েন্টাল ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত রাখতে এসইসি’র নির্দেশ
মালিকানা হস্তান্তর বন্ধ এবং জনস্বার্থ রক্ষায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বুধবার ওরিয়েন্টাল ব্যাংকের শেয়ার লেনদেন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।
এসইসি’র চেয়ারম্যান ফারুক আহমাদ সিদ্দিকী এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, ব্যাংকটি অর্থনৈতিক সঙ্কটে পড়েছে বলেই আমরা শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষায় এ আদেশ দিয়েছি।
তবে এ আদেশ সাময়িক বলে তিনি জানান। বাংলাদেশ ব্যাংক থেকে ওরিয়েন্টাল ব্যাংকের প্রকৃত অর্থপরিস্থিতি সম্পর্কে প্রামাণ্য প্রতিবেদন পাওয়ার পরই বাণিজ্যিক কার্যক্রম আবার চালু করার আদেশ দেওয়া হবে বলেও তিনি জানান।
ওরিয়েন্টাল ব্যাংকের প্রধান নির্বাহীকে অপসারণ এবং পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়ে বাংলাদেশ ব্যাংক এ ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে। বাংলাদেশ ব্যাংক এক চিঠিতে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করার জন্য এসইসি’কে সুপারিশ করে। বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপের পরই এসইসি তাদের স্থগিতাদেশ জারি করে।
