২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের বাজেট আলোচনায় সরকার ও বিরোধী দল বিষোদগারে ব্যস্ত

জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় সরকার ও বিরোধী দলের সদস্যরা পরস্পরের বিরুদ্ধে বিষোদগার করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রকৃতপক্ষে বাজেটের ওপর তেমন কোনো আলোচনাই হয়নি।

বাজেট আলোচনায় সরকারি দলের সদস্যরা বাজেটকে উন্নয়ন ও গণমুখি বাজেট বলে উল্লেখ করেন। তবে বিরোধী দলের সদস্যরা এ বাজেটকে অপরিনামদর্শী, উচ্চাভিলাষী ও গণবিরোধী বলেন।

দুদিন বিরতির পর রোববার ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বাজেট আলোচনায় অংশ নেন বিএনপির নাজিমউদ্দিন আলম, মেজর (অব.) মঞ্জুর কাদের ও শামীম কায়সার, আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস, রেজাউল করিম হীরা, ডা. সিরাজুল আকবর ও একাব্বর হোসেন, জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের এবং জামায়াতে ইসলামীর আজিজুর রহমান চৌধুরী।

বিএনপির মঞ্জুর কাদের আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদগার করে বলেন, ক্ষমতা ছাড়ার পর বিএনপিকে পালাতে হবে না। বিএনপি পালাবার দল নয়; পালাবার দল আওয়ামী লীগ। ’৭১ সালেও জাতিকে অনিশ্চিত অবস্থায় রেখে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছিলো।

অপরদিকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সদস্যরা বাজেটের সমালোচনা করে বলেন, এ বাজেট একটি অপরিণামদর্শী, গণবিরোধী ও উচ্চাভিলাষী বাজেট। এ বাজেটে লুটপাটের জন্য সরকার বেশকিছু খাতে থোক বরাদ্দ রেখেছে। যা আগামী নির্বাচনকে প্রভাবিত করতে তাদের দলীয় লোকজনের কাজে লাগানো হবে।