মংলা বন্দরে ভারতের আগ্রহ, ঘুরে গেলেন রাষ্ট্রদূত বীণা সিক্রি
মংলা সমূদ্র বন্দর ব্যবহারে ভারতের আগ্রহ রয়েছে। আর এ জন্য ভারতের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল শীগিগিরই মংলা বন্দরের সুযোগ সুবিধাসমূহ দেখতে বন্দর পরিদর্শনে আসছেন।
রোববার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বীণা সিক্রির মংলা বন্দর পরিদর্শনের পর বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: আবু তাহের সাংবাদিকদের এ কথা জানান।
মংলা বন্দর পরিদর্শনের আগে বীণা সিক্রি বাগেরহাটের হযরত খান জাহান (র:) এর মাজার ও ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করেন। বাগেরহাটের জেলা প্রশাসক মো: মঈন উদ্দিন ও পুলিশ সুপার এম. মোস্তফা কামাল এ সময় তার সাথে ছিলেন।
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আবু তাহের জানান, রাষ্ট্রদূত তাকে সাথে নিয়ে মংলা বন্দর ঘুরে দেখেন। এ সময় রাষ্ট্রদূতকে বন্দরের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করানো হয়।
রাষ্ট্রদূত মংলা বন্দর ব্যবহারের সম্ভাব্যতা পর্যবেক্ষন করেন। এক পর্যায়ে রাষ্ট্রদূত চেয়ারম্যানকে জানান, বাংলাদেশের সাথে ভারতের ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধিতে মংলা বন্দর ব্যবহারের সম্ভাবনা পর্যালোচনার জন্য শিগগিরই ভারতীয় একটি ব্যবসায়ী প্রতিনিধিদল মংলা বন্দর পরিদর্শন করবে।
রাষ্ট্রদূত পরে খুলনা চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজ এর প্রতিনিধিদের সাথে খুলনায় এক বৈঠকে মিলিত হন বলে সূত্র জানায়।
