২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ফের শ্রমিক অসন্তোষ: ৫ গার্মেন্টস কারখানায় বিক্ষোভ; সরকারদলীয় ক্যাডারদের মহড়া

সাভারের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) পাঁচটি কারখানায় শনিবার সকালে ফের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2006, 06:07 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

শ্রমিকরা বিভিন্ন দাবিতে ও ফ্যাক্টরিগুলোতে কর্মবিরতি পালন শুরু করলে ইপিজেডের  ভেতরে বিএনপি ক্যাডার জাহিদ, মোশাররফ ও ফারুক দলবল নিয়ে মোটর সাইকেল মহড়া শুরু করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে। এসময় শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে।

খবর পেয়ে বেপজার মহাব্যবস্থাপক এজেডএম আজিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বলেন, আপনারা অধৈর্য্য হবেন না। আপনাদের সকল দাবি দাওয়া মেনে নেয়া হবে।

তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, হঠাৎ করে আন্দোলন করা যুক্তিসঙ্গত নয়। আপনারা ধৈর্য্য ধরুন, কাজে যোগ দিন। আমাদের একটু সময় দিন, যাতে আপনাদের কাজের সঠিক মজুরি পরিশোধ করতে পারি।

এদিকে, ওয়ার্কার্স ওয়েলফেয়ার রিপ্রেজেন্টেটিভ কমিটির চেয়ারম্যানের সাথে শুক্রবার বিএনপি নেতা জাহিদের গোপন বৈঠকের খবর শুনে শনিবার রেড পয়েন্ট, এ ওয়ান, গোল্ড ট্যাক্ট, ইয়াং ওয়ান ও প্যাডক্স জিন্স কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করে এবং বিক্ষোভ মিছিল করে।

দুপুরে বেপজার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ ডিইপিজেডে এসে ওই ফ্যাক্টরিগুলোর শ্রমিক নেতাদের সাথে আলোচনার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।