২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ড্রাইসেল ব্যাটারি রপ্তানি বাধার মুখে

ভারত সরকারের গেজেট নোটিশ এবং কাস্টমস অ্যাক্টের মধ্যে অসামঞ্জস্যতার কারণে সেদেশে ড্রাইসেল ব্যাটারি রপ্তানি শুল্কমুক্ত সুবিধা পেতে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এ কারণে স্থানীয় ড্রাইসেল রপ্তানিকারকরা ভারতে পণ্য রপ্তানিতে ৫০ ভাগ হারে শুল্ক দিতে বাধ্য হচ্ছেন। কিন্তু ২০০২ সালের এপ্রিলে দ্বিপক্ষীয় এক বাণিজ্য ঘোষণার ধারাবাহিকতায় ভারতীয় সরকার ওই পণ্যটিকে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দেয়।

দক্ষিন এশিয়া অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তি (সাপটা)’র অধীনে ভারত সরকার ড্রাইসেলসহ ৪০ প্রকার বাংলাদেশী পণ্যের রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা অনুমোদন করে।

পরে ২০০২ সালের ২০ আগস্ট ভারত সরকার ঘোষিত শুল্কমুক্ত সুবিধা একটি কাস্টমস নোটিশের মাধ্যমে কার্যকর করে।

যদিও এইচএস কোডে এটা উল্লেখ করে বলা হয়েছে যে, শুল্কমুক্ত সুবিধার নোটিশে ভুল করে ড্রাইসেলের নাম অর্ন্তভূক্ত হয় এবং এটা ড্রাইসেলের খুচরা যন্ত্রাংশের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

কাশেম ড্রাইসেল কোম্পানীর জেনারেল ম্যানেজার মাহবুবুল আলম বিডিনিউজকে বলেন, আমরা নোটিশে উল্লেখ করা এইচএস কোড ব্যাবহার করে আমাদের পণ্যের বিপরীতে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা ভোগ করে আসছিলাম। কিন্তু সম্প্রতি ভারতীয় কাস্টমস এর উপর ৫গ ভাগ শুল্ক আরোপ করে বলেছে, নোটিশে উল্লেখিত এইচএস কোড ড্রাইসেল ব্যাটারির জন্য প্রযোজ্য হবে না।

এই স্থবিরতার কারণে ভারতে আমাদের রপ্তানি বাধাগ্রস্থ হচ্ছে। এর জন্য আমরা দায়ী নয়।  নোটিশের এইচএস কোড ভারতীয় সরকারের পরিবর্তন করা উচিত এবং ঘোষিত সুবিধা অনুযায়ী আমাদের রপ্তানি করতে দেওয়া উচিত।

এপ্রসঙ্গে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মীর সাহাবুদ্দিন বিডিনিউজকে বলেন, আমরা হাই কমিশনের মাধ্যমে বিষয়টি ভারত সরকারকে জানিয়েছি।

আগামী মাসে অনুষ্ঠেয় বাংলাদেশ ও ভারতের জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে নন ট্যারিফ ব্যারিয়ার ইস্যুসহ এ বিষয়টিও আলোচনায় তোলা হবে বলে জানান তিনি।