স্থানীয় সরকার ব্যাবস্থার জবাবদিহিতা নিশ্চিতকরণ কার্যক্রমে বিশ্বব্যাংকের সাড়ে ১১ কোটি ডলার ঋণ অনুমোদন
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যাবস্থার জবাবদিহিতা উন্নয়নের জন্য বিশ্বব্যাংক সাড়ে এগারো কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে।
স্থানীয় সরকার সহায়তা প্রকল্প (এলজিএসপি)’র জন্য ব্যাংক এই তহবিল অনুমোদন করেছে, যার উদ্দেশ্য সমাজের চাহিদা মেটাতে ইউনিয়ন পরিষদের ভূমিকা বৃদ্ধি এবং একটি স্বচ্ছ অর্থনৈতিক কাঠামোর মধ্যে দিয়ে বিভিন্ন সেবা প্রদান, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন আই ওয়ালিক এ ঋণ সহায়তা প্রসঙ্গে বলেন, কার্যকর স্থানীয় সরকার ব্যাবস্থার উপস্থিতি বৃহত্তর রাজনৈতিক অংশীদারিত্বের জন্য জায়গা সৃষ্টি করতে পারে এবং এরসাথে নাগরিকের কাছে রাষ্ট্রের বৃহত্তর জবাবদিহিতার সুযোগ তৈরী করে।
এ প্রক্রিয়া সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিতে স্থানীয় সরকার ব্যাবস্থার সক্ষমতাকেও শক্তিশালী করবে এবং কৌশলগত পরিকল্পনা ও লক্ষ নির্ধারণ এবং প্রকল্প বাস্তবায়নে ইউনিয়ন পরিষদগুলোর সক্ষমতা তৈরি করবে বলেও বিশ্বব্যাংক জানায়।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, এলজিএসপি প্রকল্পের প্রথম বছরে ইউনিয়ন পরিষদগুলোর সক্ষমতা বৃদ্ধি, বিশেষ করে অর্থনৈতিক ব্যাবস্থাপনা ও ক্রয়সংক্রান্ত বিষয়ের উপর আলোকপাত করা হবে।
এই সক্ষমতা তৈরীর পর্যায়ভিত্তিক বাস্তবায়নের ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদগুলো সরকারের পক্ষ থেকে থোক বরাদ্দের মাধ্যমে অতিরিক্ত অর্থনৈতিক সুবিধা গ্রহণ করবে। থোক বরাদ্দ ছাড়াও গ্রামীণ দরিদ্র শ্রেণীর জন্য ১৫ টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটি নিরাপত্তা বেষ্টনীমূলক কর্মসূচি পরিচালনা করা হবে বলেও বিশ্বব্যাংক জানায়।
