২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িমারী স্থলবন্দরে একদিনে ৫০ লাখ টাকার কর ফাঁকি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে একদিনে ৫০ লাখ টাকার কর ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 10:56 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

অভিযোগে জানা যায়, বাংলাদেশী আমদানী ও রপ্তানিকারকরা বৃহস্পতিবার ভারত থেকে বিভিন্ন পণ্যের দু’শটি ট্রাক বুড়িমারী বন্দর দিয়ে আমদানি করলেও কাস্টমস কর্মকর্তারা মাত্র ৫০টি ট্রাক রেজিস্ট্রার মেইনটেইন করেছে। বাকি দেড়শ’ ট্রাককে কয়লা ও পাথরের ট্রাক বলে চালিয়ে দিয়েছে। এর ফলে সরকার প্রায় ৫০ লক্ষাধিক টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। অপরদিকে লাভবান হয়েছে কতিপয় অসাধু কাস্টমস কর্মকর্তা, সিএ্যান্ডএফ এজেন্ট এবং সরকারি দলের নেতারা।

এছাড়া এই বন্দরের কাস্টমস কর্মকর্তারা সিএ্যান্ডএফ এজেন্টদের সাথে উৎকোচের চুক্তি করে সরকারি নিয়ম-নীতিকে উপেক্ষা করে ২০ টনের গাড়িকে মাত্র ৮ টনের গাড়ি হিসেবে চালিয়ে আসছে। ফলে সরকার প্রতিদিন গড়ে এই বন্দর থেকে ২০ থেকে ২৫ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

এ ব্যাপারে বুড়িমারী স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার (এসি)’ বিডিনিউজকে জানান, বুড়িমারী বন্দরে কোন দুর্নীতি নেই।

সিএ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি হাসানুজ্জামান হাসান ও সম্পাদক গোলাম রব্বানী জুলফি জানান, স্থলবন্দরে একটু আধটু দুর্নীতি হবে। তবে তা কোন ধর্তব্য বিষয় নয়। প্রতি সপ্তাহে প্রশাসনের বিভিন্ন দপ্তরকে মোটা অঙ্কের উৎকোচ দেয়ার বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা ব্যাপারটি এড়িয়ে যান।