বেপজা- বেপজিয়া বৈঠকে বিনিয়োগকারীদের হৈচৈ উত্তেজনা
বেপজার বিনিয়োগকারীরা বৃহস্পতিবার এক বৈঠক চলাকালে একজন সাংবাদিক গত ১৭ বছরেও কেন শ্রমিকদের ন্যুনতম মজুরি বাড়ানো হয়নি তা জানতে চাইলে রাগে ক্ষোভে ফেটে পরে সাংবাদিকদের উদ্দেশ্যে চিৎকার চেঁচামেচি করেছেন।
বেপজার সাথে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বিণিয়োগকারী সমিতি (বেপজিয়া)’র বৈঠকে কিছু বিণিয়োগকারীর অসৌজন্যমূলক আচরণের কারণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পরে।
ডিইপিজেডে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ইস্যুতে আলোচনা করার জন্য এ বৈঠক ডাকা হয়।
বৈঠকে কতিপয় বিনিয়োগকারী এ ধরণের প্রশ্ন উত্থাপিত হলে তাদের বিণিয়োগকৃত অর্থ প্রত্যাহার করে নেবে বলেও হুমকি দেন। এসময় বেপজিয়া ইপিজেডের শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখান করে।
গত ১৭ বছর ধরে এ খাতে ২০ ডলার ন্যুনতম মজুরি বহাল রয়েছে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ এর সত্যতা স্বীকার করে বলেন, কতিপয় বিনিয়োগকারী বেপজা আইন ১৯৮৯ মেনে শ্রমিকদের মজুরি পরিশোধ করেছেন না।
তিনি বলেন, যে সব বিনিয়োগকারী বেপজার নির্দেশনা ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় মজুরি মানের বিশেষ করে সরকারি খাতে কর্মরত শ্রমিকদের ন্যুনতম মজুরির তুলনায় ইপিজেডের শ্রমিকদের ন্যুনতম মজুরি অনেক কম।
যদিও গত ১২ জুন গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরি পূণঃনির্ধারণের লক্ষে সরকার, মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সাক্ষরিত হয়েছে, কিন্তু সরকার এখনও ইপিজেড শ্রমিকদের ন্যুনতম মজুরি বাড়ানোর বিষয়ে কোনও উদ্যোগই গ্রহণ করেনি।
বেপজার নির্বাহী চেয়ারম্যান জানান যে, এ ব্যাপারে শিগগিরই ব্যাবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, যে সকল কারখানা মালিক শ্রমিকদের বিরুদ্ধে সন্ত্রাসী ভাড়া করে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, পুলিশ ইতিমধ্যে ৮ জন সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।
নারী শ্রমিকদের সাথে ম্যানেজমেন্টের অশালীন ব্যাবহারের অভিযোগের সত্যতাও স্বীকার করেন বেপজা চেয়ারম্যান।
বেপজিয়ার নেতা কায়সার রহমান, নাকা বানু, পিটার বোয়ের, এসএ নূর ও আনিসুল ইসলাম মাহমুদ বৈঠকে উপস্থিত ছিলেন।
