চট্টগ্রামে তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার
সরকার শেষ পর্যন্ত চট্টগ্রামে তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় বৃহস্পতিবার সরকারের কাছ থেকে এ ইঙ্গিত পায়।
ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি বৃহস্পতিবার এক সভায় ৫৫০ কোটি টাকার এ প্রকল্পটির অনুমোদন দেয়। এ খাতে মোট ব্যয়ের মধ্যে কুয়েত উন্নয়ন তহবিল থেকে ৩৪৭ কোটি টাকা পাওয়া যাবে।
মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। সিনিয়র মন্ত্রিবর্গ, মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা এসময় উপস্থিত ছিলেন।
বৈঠকে এছাড়াও ছয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সড়ক নেটওয়ার্ক (পর্যায়-- ৩) এর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প, তৃতীয় বুড়িগঙ্গা ও দ্বিতীয় শীতলক্ষা সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগ, চট্টগ্রাম বন্দর উন্নয়ন প্রকল্পের পরামর্শক নিয়োগ এবং ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হরিপুর বিদ্যুৎ কেন্দ্র উন্নয়ন প্রকল্প।
বৈঠকের পর সাংবাদিকদের অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেন, কুয়েত প্রকল্পের বেশিরভাগ অর্থ যোগান দিতে রাজি হওয়ায় শিগগিরই আমরা তৃতীয় কর্ণফুলী সেতুর নির্মাণ কাজ শুরুর ব্যাপারে আশাবাদী। সেতু নির্মাণে ৩৩০ কোটি ও পরামর্শক নিয়োগের ক্ষেত্রে ১৭ কোটি টাকা দিতে রাজি হয়েছে কুয়েত উন্নয়ন তহবিল।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিন বছর আগে প্রস্তাবিত সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
