ডিইপিজেডে বেপজা চেয়ারম্যান ও শ্রমিকদের মধ্যে সমঝোতা: বৃহস্পতিবার ৩ টি কারখানা চালুর সিদ্ধান্ত
সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড)’র রেড পয়েন্ট গার্মেন্টসে শ্রমিকদের বিক্ষোভের পর বুধবার বেপজা চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফের সাথে শ্রমিকদের ফলপ্রসূ সমঝোতা বৈঠক হয়েছে।
বৈঠকে ডিইপিজেড’র রেড পয়েন্টসহ ৩ টি কারখানা বৃহস্পতিবার থেকে চালুর সিদ্ধান্ত হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেপজার মহাব্যবস্থাপক এজেডএম আজিজুর রহমান এবং নিরাপত্তা উপদেষ্টা কর্ণেল (অব.) শহীদ উদ্দিন আহম্মেদ।
সূত্র জানায়, রেড পয়েন্ট ও প্যাডেক্স জিন্স কারখানার শ্রমিকরা বুধবার সকাল আটটা থেকে বেপজা কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য নিজ নিজ কারখানায় অবস্থান নেয়। কিন্তু সকাল নয়টার পরও বেপজার কোন কর্মকর্তা করাখানায় না পৌঁছালে আন্দোলনরত শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ মিছিল শুরু করে। পরে সকাল ১১ টার দিকে বেপজার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউফুফ এবং মহাব্যাপস্থাপক এজেডএম আজিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে সমঝোতা বৈঠকে বসেন।
বৈঠকে রেড পয়েন্ট গার্মেন্টসের শ্রমিক প্রতিনিধি ও ডব্লিউ ডব্লিউ আরসি’র সদস্য মশিউর রহমান কারখানার জেনারেল ম্যানেজার পিটারসিসহ সংশ্লিষ্ট সকলকে বহিস্কার, জুট ব্যাবসায়ী ও তাঁতি দলের ঢাকা জেলা সভাপতি মোকলেসের সাথে রেড পয়েন্টের সকল ব্যাবসা বন্ধ, বহিরাগত সন্ত্রাসীদের উপযুক্ত বিচার এবং বেপজার নীতিমালা অনুযায়ী শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের দাবি জানান।
প্রায় ২ হাজার শ্রমিকের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা শেষে বেপজা চেয়ারম্যান শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, তাদের দাবি মেনে বেপজার নীতিমালা অনুযায়ী বেতন ভাতা দেওয়া হবে এবং অস্ত্রসহ পুলিশে সোপর্দ করা ৮ বহিরাগত সন্ত্রাসীর কঠোর বিচার করা হবে।
পরে তিনি রেড পয়েন্ট এবং প্যাডেক্স গার্মেন্টসে বুধবার ছুটি ঘোষণা করেন। এছাড়া এর আগে বন্ধ হওয়া ইয়াং-ওয়ান, রেড পয়েন্ট এবং প্যাডেক্স জিন্স কারখানা বৃহস্পতিবার থেকে চালু করা হবে বলেও তিনি বৈঠকে ঘোষণা দেন।
