যশোরের নোয়াপাড়া পৌরসভাকে বিশ্বব্যাংকের ৫ কোটি ৪০ লাখ টাকা ঋণ প্রদান
যোগযোগ ব্যবস্থা উন্নয়নের জন্যে যশোরের নোয়াপাড়া পৌরসভা বিশ্বব্যাংকের কাছ থেকে পাঁচ কোটি ৪০ লাখ টাকা ঋণ পেয়েছে।
বাংলাদেশ মিউনিসিপ্যাল উন্নয়ন তহবিল (বিএমডিএফ) এর আওতায় পৌরসভাটি ছয় কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করবে।
এ ব্যাপারে রাজধানীতে বুধবার নোয়াপাড়া পৌরসভা ও বিএমডিএফ’র মধ্যে একটি চুক্তিপত্র সাক্ষরিত হয়।
পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম ও বিএমডিএফ’র মহাপরিচালক আনোয়ার হোসেন ও অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতে নোয়াপাড়া চেয়ারম্যান এনামুল হক, বিএমপিএফ’র অর্থ পরিচালক সৈয়দ আরিফ হায়দার এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
যোগাযোগ ব্যবস্থার জন্যে প্রথম ধাপে তিন কোটি ২০ লাখ টাকার প্রকল্প কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভা পরবর্তী অর্থবছরে দ্বিতীয় কিস্তির তহবিল পাবে।
চুক্তি অনুযায়ী এই প্রকল্পের অর্থ সহযোগিতায় বিএমডিএফ ৯০ শতাংশ এবং নোয়াপাড়া পৌরসভা ১০ শতাংশ বহন করবে।
এক প্রশ্নের জবাবে এনামুল হক বিডিনিউজকে জানান, মানসম্মতভাবে বিএমডিএফ প্রকল্প পরিচালনা করা হবে এবং সরকারি প্রকল্পের মতো স্বতন্ত্রভাবে এই কাজ সম্পন্ন করা হবে।
আনোয়ার হোসেন জানান কোন পৌরসভা বা সিটি কর্পোরেশন বিএমডিএফ’র কাছ থেকে অর্থ সহায়তা পেতে চাইলে তাদের অর্থনৈতিক ও কর্মপদ্ধতি, রাজস্ব আদায়ের উচ্চ হার এবং সচ্ছতা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বিশ্বব্যাংক ইতিমধ্যেই ৬৭টি পৌরসভায় ২২৮ টি উন্নয়ন প্যাকেজের অধিনে ২২০ কোটি টাকার অনুমোদন দিয়েছে।
বিএমডিএফ’র তহবিল পাওয়ার জন্যে অনেকগুলো পৌরসভা তাদের রাজস্ব আদায় বৃদ্ধি করেছে বলে তিনি জানান।
