সাভারের ইপিজেড থেকে রামদা, রডসহ ৮ জন আটক
সাভারের পুরাতন ইপিজেড এলাকার রেড পয়েন্ট ফ্যাশন নামক এক ফ্যাক্টরি এলাকা থেকে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোমবার রাতে আটজন বহিরাগতকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে।
পুলিশ সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদের সাভারের গাজিরচর এলাকার পিএম ফ্যাশন নামক একটি গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক বলে দাবি করে। তারা পুলিশকে জানায় পিএম ফ্যাশন’র মালিক পক্ষের নির্দেশে তারা নাশকতামূলক কাজের জন্য সেখানে অবস্থান নেয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি রামদা ও বেশ কিছু লোহার রড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে: আফসার আলী, রুবেল, আইয়ুব আলী, হাবিবুর রহমান, মমিন, আরিফ, ফিরোজ এবং রাহেজ আলী।
র্যাব অটককৃতদের মঙ্গলবার সকালে আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করে।
জানা যায়, র্যাব ও পুলিশের উপস্থিতি টের পেয়ে সোমবার রাতে রেড পয়েন্ট ফ্যাক্টরিতে অবস্থানরত আরো কয়েকজন বহিরাগত পালিয়ে যায়।
