প্রস্তাবিত বাজেট সরকারকে ঋণ খেলাপি হতে উৎসাহিত করবে: অর্থনীতি সমিতি, বিস্তারিত
বাংলাদেশ অর্থনীতি সমিতি (বিইএ) সোমবার বাজেট প্রতিক্রিয়ায় জানায়, প্রস্তাবিত বাজেট সরকারকে অভ্যন্তরীণ খাত থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার ব্যাপারে উৎসাহিত করবে এবং ঋণখেলাপিদের পাশাপাশি সরকারও ঋণখেলাপি হওয়ার ব্যাপারে উৎসাহিত হবে, সেই সাথে বেসরকারি খাতের প্রবৃদ্ধি ব্যাহত হবে।
বিইএ’র সাধারণ সম্পাদক আবুল বারকাত সোমবার এক সংবাদ সম্মেলনে ২০০৬ - ০৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে বলেন, সরকার বাজেট ঘাটতি দূর করতে অভ্যন্তরীণ খাত থেকে ১৫ হাজার ১০০ কোটি টাকা ঋণ করার পরিকল্পনা নিয়েছে। এতে করে বেসরকারি খাতের সঞ্চয় প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে এবং মূল্যস্ফীতি বাড়বে।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিইএ’র সভাপতি কাজী খলিকুজ্জামান আহমেদ সভাপতিত্ব করেন।
বিইএ’র অর্থনীতিবিদরা বিরাট আকারের এ বাজেটকে অবাস্তব আখ্যায়িত করে বলেন, পেশাদারি মনোভাব নিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়নি।
তারা বলেন, বর্তমান বাজেটে আগের বাজেটের একটি অনুলিপি যুক্ত করা হয়েছে। এতে করে সরকারের সঙ্কীর্ণ রাজনীতি এবং ইতিবাচক মনোভাবের ঘাটতির প্রতিফলন ঘটেছে।
কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখায় বিইএ সরকারের সমালোচনা করে বলেছে, এতে দুর্নীতি আরো বাড়বে।
সরকার গত চার বছরে ‘থোক বরাদ্দ’ হিসেবে প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। প্রস্তাবিত বাজেটে পরবর্তী অর্থবছরের জন্যও থোক বরাদ্দ ব্যবস্থা রাখা হয়েছে।
বিইএ বলেছে, নির্দিষ্ট উদ্দেশ্য উল্লেখ ছাড়া থোক বরাদ্দ প্রদান সংবিধানিক বিধানের লঙ্ঘন।
এছাড়া বিইএ’র বাজেট পর্যালোচনায় বলা হয়, বাজেটে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, বেকারত্ব, সন্ত্রাস, দুর্নীতি, বিদ্যুত ঘাটতির মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়েছে। এসব ব্যাপারে বাজেটে সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা নেই। এতে বোঝা যায়, সরকার সঙ্কটের ব্যাপারে মোটেও উদ্বিগ্ন নয়।
কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি শুল্ক কমানোর বিষয়টি উল্লেখ করে আবুল বারকাত সংবাদ সম্মেলনে বলেন, মূল্য সন্ত্রাসী সিন্ডিকেট এবং মজুদদারদের তৎপরতা বন্ধ না হলে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আনা যাবে না।
তিনি আরো বলেন, তেলের মূল্যে ভারসাম্য আনয়ন এবং অভ্যন্তরীণ খাত থেকে ঋণ গ্রহণের ফলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে।
শিল্পায়ন ও কৃষিখাতের বিকাশে কম বরাদ্দ ও কম গুরুত্ব প্রদানের বিষয়টি প্রস্তাবিত বাজেটের অপূর্ণতা হিসেবে বিইএ’র পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে।
দাতাদের পরামর্শ অনুযায়ী প্রণীত দারিদ্র নিরসন কৌশলপত্র (পিআরএসপি) অনুসারে সরকার কীভাবে দারিদ্র্য কমিয়ে আনবে সে ব্যাপারেও বাজেটে আলোকপাত করা হয়নি।
বিইএ’র পর্যালোচনায় বলা হয়, বাজেটে দারিদ্র বিমোচনের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে তা নিতান্তই স্লোগানমূলক।
এছাড়া বিইএ প্রতিরক্ষা খাতে উচ্চ এবং অস্বচ্ছ বরাদ্দ প্রদান করায় সরকারের সমালোচনা করেছে। এ ব্যাপারে আবুল বারকাত বলেন, প্রতিরক্ষা খাতে বরাদ্দ প্রদানের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হওয়া দরকার।
আবুল বারকাত বলেন, ছোট প্রতিষ্ঠানের ওপর আরোপিত পাঁচ হাজার টাকার বাধ্যতামূলক কর বৈষম্য বৃদ্ধি করবে। এছাড়া ভ্যাটের মাধ্যমে রাজস্বের অধিকাংশ আদায়ের বোঝাও জনগণের ঘাড়ে গিয়ে পড়বে বলে তিনি জানান।
