২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস খাতের পরিস্থিতি স্বাভাবিক করতে ত্রিপক্ষীয় চুক্তি

গার্মেন্টস শিল্প খাতের পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে ন্যূনতম মজুরিসহ শ্রমিক অধিকার নিশ্চিত করতে সোমবার সরকার, মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 06:31 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

দেশের গার্মেন্টস শিল্পে শ্রমিক অসন্তোষের পর গত ২৪ মে, ১ জুন এবং ৪ জুন তারিখ কয়েক দফা বৈঠকের পর তিন পক্ষই এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করল।

শ্রমিক অসন্তোষের কারণে দেশের প্রধান রপ্তানি খাতে বিরূপ প্রভাব পড়ে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সরকার, বিজিএমইএ ও শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিরা চূড়ান্ত আলোচনা শেষে ১০ দফার এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন, সাপ্তাহিক ছুটিসহ শ্রম আইন অনুযায়ী অন্যান্য ছুটির দিনের কথা উল্লেখ রয়েছে।

সমঝোতা স্মারকে আরো বলা হয়, সকল গার্মেন্টস শ্রমিকের পরিচয় ও নিয়োগপত্র দিতে হবে। নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি ভোগ করবেন।

২১ মে থেকে শ্রমিক অসন্তোষে ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতিতে উভয় পক্ষই দুঃখ প্রকাশ করেন। কোনো শ্রমিককে বরখাস্ত করা হবে না বলে সমঝোতা স্মারকে বলা হয়।

স্মারক অনুযায়ী, গাজীপুর, আশুলিয়া ও সাভারে শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার ও আটক শ্রমিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এছাড়া বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরিগুলো খুব শিগগিরই খোলা হবে।

বৈঠকে তিন মাসের মধ্যে ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সমঝোতা স্মারকের অন্যান্য শর্তগুলো এক মাসের আগেই বাস্তবায়ন করা হবে।

বিজিএমইএ সভাপতি টিপু মুন্সী, সহ--সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের (স্কপ) সমন্বয়ক ড.ওয়াজেদুল ইসলাম এবং শ্রমিক নেতা জাফরুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।