গার্মেন্টস কারখানায় সোমবারের ধর্মঘট স্থগিত
গামেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ তাদের ডাকা সোমবারের সারা দেশের গার্মেন্টসে ধর্মঘট স্থগিত করেছে।
১৬টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত জাতীয় মঞ্চ রোববার রাতে বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়ার প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) নেতৃবৃন্দর সঙ্গে এক লিখিত চুক্তির পর এ ঘোষণা দেন।
লিখিত চুক্তি অনুসারে বিজিএমইএ এবং বিকেএমইএ আগামী ১ জুলাই থেকে সকল গার্মেন্টস শ্রমিকদের পরিচয় ও নিয়োগপত্র, একদিন সাপ্তাহিক ছুটি, মাতৃত্বকালীন ছুটি, ট্রেড ইউনিয়ান গঠনের অধিকার, আট ঘন্টা ওভার টাইমের জন্য দ্বিগুন মজুরি প্রদান বাস্তবায়ন করবে।
গত ৫ ফেব্র“য়ারি গার্মেন্টস শ্রমিকদের জাতীয় কনভেনশনে জাতীয় মঞ্চ ৫ দফা দাবিতে এ ধর্মঘটের আহবান করা হয়।
বিজিএমইএ সভাপতি টিপু মুন্সী, সহসভাপতি সালাম মুর্শেদী, বিকেএমইএ নেতা এম এ বাসেদ এবং জাতীয় মঞ্চের নেতা কামরুল আহসান, মাহাবুবুর রহমান ইসমাইল এবং আবুল হোসেন রোববার রাতে আলোচনা শেষে এ ব্যাপারে চুক্তি করেন।
তবে নুন্যতম মজুরি এবং অন্তবর্তীকালীন মহার্ঘ ভাতাসহ মূল বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
কামরুল আহসান বলেন, গত ৩ তারিখ থেকে আমরা ধারাবাহিক আলোচনা চালিয়ে আসছি।
সভা শেষে টিপু মন্সী বলেন, আমরা ইতোমধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে আগামী ৪ জুলাই থেকে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছিলাম।
এদিকে দেশের গার্মেন্টস খাতের সকল ট্রেড ইউনিয়ন নেতারা নবগঠিত ন্যুনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি নিয়োগের জন্য সরকারের কাছে তিন জনের নাম প্রস্তাব করেছেন।
প্রতিনিধিরা হলেন রায় রমেশ চন্দ্র, অ্যাডভোকেট দেলওয়ার হোসেন এবং কামরুল হাসান। এ তিন জনের মধ্যে কাকে নির্বাচন করবে তা এখনও সরকার নির্ধারণ করেনি।
গত ৩০ মে সরকারের নিয়োগকৃত ন্যুনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি নাজমা আক্তারের তীব্র বিরোধিতা করেছে গার্মেন্টস খাতের বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতারা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার গত ৪ জুন ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধি হিসেবে নাজমা আক্তারের নাম প্রত্যাহার করে নেন।
তবে সরকার সকল ট্রেড ইউনিয়নের নেতাদের সম্মিলিতভাবে একজন শ্রমিক প্রতিনিধির নাম প্রস্তাব করতে অনুরোধ জানালেও তারা একজনের নামের ব্যাপারে একমত হতে পারেনি।
এদিকে শ্রম প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ইতোমধ্যে শ্রমিক নেতাদের হুমকি দিয়ে বলেছেন, শ্রমিক প্রতিনিধি হিসেবে তারা যদি সম্মিলিতভাবে একজনের নাম প্রস্তাব করতে না পারেন, তবে সরকারের প্রত্যাহারকৃত শ্রমিক প্রতিনিধির নাম বহাল রাখা হবে।
এদিকে সোমবার ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা ৩০ শতাংশ অন্তবর্তীকালীন মহার্ঘ ভাতার দাবি জানাবে বলে জানা গেছে।
