২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি বাজেট পিআরএসপি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ব্যর্থ

সরকার চলতি অর্থবছরের বাজেটে দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের (পিআরএসপি) লক্ষমাত্রার অধিকাংশই বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ২০০৭ অর্থবছরের বাজেটে দরিদ্র-বান্ধব উন্নয়ন কর্মসূচির প্রতি কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে রোববার দেশের অর্থনীতিবিদরা মত প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

প্রস্তাবিত ২০০৬ - ০৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র গবেষণা সহযোগী সাঈদ আহম্মেদ বলেন, সরকার পিআরএসপি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ার কারণে ধনী ও দরিদ্রদের মধ্যে বিদ্যমান আয় বৈষম্য আরো বাড়বে।

সিপিডি তার বাজেট বিশ্লেষণে জানায়, সরকার পিআরএসপি’র অনুযায়ী ২০০৫ - ০৬ অর্থবছরের জিডিপি লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। অন্যদিকে নতুন কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।

এছাড়া অর্জিত প্রবৃদ্ধি পুনর্বন্টনের মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠির মধ্যে  পৌঁছানোর ব্যাপারে বাজেটে কম গুরুত্ব দেওয়া হয়েছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

দেশের দরিদ্র জনগোষ্ঠি যাতে অর্থনৈতিক সমৃদ্ধির সুফল পায় সে জন্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উচ্চ হারে এডিপি বরাদ্দের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে আমরা উভয় খাতেই এডিপি বরাদ্দ কম দেখতে পাচ্ছি।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলিকুজ্জামান আহমদ বলেন, ২০০৬ - ০৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দরিদ্র মানুষের জন্য উল্লেখযোগ্য কোনও বরাদ্দই রাখা হয়নি।

উন্নয়ন সমুন্বয়ের চেয়ারম্যান আতিউর রহমান বলেন, সরকার গৃহীত পিআরএসপি’র সাথে এই বাজেট সঙ্গতিপূর্ণ নয় এবং জনগোষ্ঠির বড় অংশের জন্য এটা দুর্ভোগ বয়ে আনবে।

প্রস্তাবিত বাজেটে মূল্য সংযোজন কর ১৯ ভাগ বৃদ্ধির ব্যাপারে তিনি বলেন, এ পরোক্ষ কর আসন্ন বছরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করবে।