আরো দক্ষ, আধাদক্ষ জনশক্তি আমদানির জন্য কুয়েত চেম্বারের প্রতি এফবিসিসিআই’র আহ্বান
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) রোববার সফররত কুয়েত চেম্বারের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ ও আধাদক্ষ জনশক্তি আমদানির আহ্বান জানিয়েছে।
বৈঠকে বাংলাদেশ চেম্বারের পক্ষ থেকে বাংলাদেশের রিয়েল এস্টেট, বিদ্যুত উৎপাদন ও বিতরণ, অর্থবাজার, অবকাঠামো, হোটেল এবং পর্যটন খাতের মতো বিভিন্ন খাতে বিনিয়োগের ব্যাপারেও কুয়েত চেম্বারের প্রতিনিধিদের আহ্বান জানানো হয়।
এফবিসিসিআই জানায়, কুয়েত বাংলাদেশ থেকে ওষুধ আমদানির ব্যাপারে সম্মত হয়েছে এবং কুয়েতে যৌথ বিনিয়োগের ব্যাপারে আহ্বান জানিয়েছে।
ঢাকার একটি হোটেলে রোববার অনুষ্ঠিত বৈঠকে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চেম্বারের ডেপুটি চেয়ারম্যান হিলাল মেশারি আল মোতাইরি। অপরদিকে বাংলাদেশের পক্ষে এফবিসিসিআই সভাপতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন, রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন সভাপতি ইঞ্জিনিয়ার আওয়াল, মতিউর রহমান, আজম জে চৌধুরীসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন। কুয়েত চেম্বারের প্রতিনিধি দলের মধ্যে আল রায়া রিয়েল এস্টেট কোম্পানির চেয়ারম্যান খলিফা আব্দুল্লাহ আল ফাদালা এবং জেনারেল ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির চেয়ারম্যান খালেদ জসিম আল ওয়াজ্জান বক্তব্য রাখেন।
এদিকে দ্বিপাক্ষিক এ বৈঠকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সিইও নাজমুল হাসান বাংলাদেশের ওষুধ শিল্পের অগ্রগতি তুলে ধরেন।
হিলাল মেশারি বলেন, কুয়েত বাংলাদেশের সাথে তাদের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে চায়। উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের মাধ্যমে কুয়েতের সে আকাঙ্খারই প্রতিফলন ঘটেছে।
তিনি তার বক্তব্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে সাম্প্রতিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তারপরও, আমরা মনে করি, দুদেশের অর্থনৈতিক সহযোগিতা বর্তমানে যে পর্যায়ে আছে তাতে সম্ভাবনা কিংবা ভবিষ্যৎ সহযোগিতার তেমন প্রতিফলন নেই।
মীর নাসির পাকিস্তান ও মালয়েশিয়ায় কুয়েতের বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের অর্থখাতসহ বিভিন্ন খাতে কুয়েত বিনিয়োগ করতে পারে।
তিনি বলেন, গ্যাস সমৃদ্ধ এবং শ্রমের সহজলভ্যতার কারণে কুয়েতের বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের ব্যাপারে উৎসাহ দেখিয়েছে।
বাংলাদেশের একটি বিনিয়োগ প্রতিনিধি দল গত ২৪ এপ্রিল কুয়েত সফরকালে কেসিসিআই প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। দুদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে তখন ফলপ্রসূ আলোচনা হয়।
এফবিসিসিআই এবং কেসিসিআই প্রতিনিধিরা বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে একটি যৌথ চেম্বার গঠনের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
একজন কুয়েতি ব্যবসায়ী বাংলাদেশের ওষুধের বাজার সম্প্রসারণের জন্য কুয়েতে বাংলাদেশে উৎপাদিত ওষুধের নিবন্ধনের ব্যবস্থা করার ওপর গুরুত্ব আরোপ করেন।
