২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত বাজেটকে লক্ষহীন আখ্যা দিয়েছে সিপিডি: এ বাজেট সকলের জন্যেই, আবার কারও জন্যে নয়

প্রস্তাবিত বাজেটকে লক্ষহীন অখ্যায়িত করে শুক্রবার এর অর্থনৈতিক কার্যকারিতার পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে গিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, এ বাজেট সকলের জন্যেই, আবার কারও জন্যেই নয়, কারণ এতে কোন সাহসী বা সৃষ্টিশীল উদ্যোগ নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 06:04 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

নগরীর সিরডাপ মিলনায়তনে ২০০৬--০৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মূল্যায়ন করতে গিয়ে সিপিডি নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্রাচার্য বলেন, এই বাজেটে ভবিষ্যত গ্রহণযোগ্য অর্থনীতির স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু যেমন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, গার্মেন্টস ও শ্রমিক ইস্যু, মাঝারী ও ক্ষুদ্র শিল্পের বিকাশ, এবং মানব সম্পদ উন্নয়নের বিষয়গুলোতে আরো সাহসিকতার সাথে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিলো।

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০০৬-০৭ অর্থ বছরের জন্যে ৬৯ হাজার ৭ শ’ ৪০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।.

দেবপ্রিয় ভট্রাচার্য বলেন, প্রস্তাবিত বাজেটে কোন প্রকার সাহসী বা অর্থনৈতিক সৃষ্টিশীল প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেই। বরং এতে সমাজের সকল অংশকে সন্তুষ্ট করার প্রবণতা রয়েছে।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে দূর্নীতি প্রতিরোধেও কোন ঘোষণা নেই, যদিও মন্ত্রী তার বাজেট বক্তব্যের তিনটি স্থানে ওই ইস্যুটির কথা উল্লেখ করেছেন।    

থোক বরাদ্দ হিসেবে ৬ হাজার ১’শ ২৪ কোটি টাকা, যা মোট বাজেটের ৯ ভাগ প্রস্তাবের কঠোর সমালোচনা করে সিপিডি নির্বাহী পরিচালক বলেন, এ ধরণের বরাদ্দ সবসময়ই অহিসাবযোগ্য।

তিনি প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় লক্ষমাত্রাকে অবাস্তব বলে উল্লেখ করে বলেন, ২০০৬-০৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে না কারণ এর আগের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এবং রাজস্ব আদায়ের লক্ষমাত্রা অর্জন করা সম্ভব হয়নি।

সিপিডি প্রতিরক্ষা ও শিক্ষা খাতে বরাদ্দ প্রক্রিয়ায় অস্বচ্ছতার বিষয়টিও উল্লেখ করে এবং হাসপাতালের খরচ বৃদ্ধির সমালোচনা করে বলে এটা সমাজের দরিদ্র শ্রেণীর ওপর প্রভাব ফেলবে। 

প্রস্তাবিত বাজেটকে সমালোচনা করে তিনি আরও বলেন, এতে নিউজপ্রিন্ট আমদানিতে শুল্ক ছাড়ের কথা বলা হয়নি, যা সংবাদপত্র শিল্প, বইপত্র প্রকাশ এবং শিক্ষার্থীরা ব্যাবহার করে থাকে।

ব্যক্তি আয় করের বিষয়ে তিনি বলেন, মধ্যবিত্ত শ্রেণীর কথা মাথায় রেখে প্রস্তাবিত সর্বনিন্ম আয়কর মুক্ত সীমা ১ লাখ ৫০ হাজার টাকায় নির্ধারণ করা উচিত ছিলো।