আওয়ামী লীগ ক্ষমতায় গেলে প্রস্তাবিত বাজেট ঢেলে সাজাবে
আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী এএমএ মুহিত বাজেটোত্তর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, তার দল আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে প্রস্তাবিত বাজেট নতুন করে প্রণয়ন করবে। তবে কীভাবে আওয়ামী লীগ এ বাজেট পুনর্প্রণয়ন করতে পারে, এ বিষয়ে তিনি এখনো ভাবেননি বলে জানান।
বিদ্যুতসহ অন্যান্য অত্যাবশ্যকীয় খাতে প্রয়োজনীয় অগ্রাধিকার না দেওয়া এবং হঠাৎ করে থোক বরাদ্দ তিন হাজার কোটি টাকায় উন্নীত করায় তিনি সরকারের সমালোচনা করেন।
সাবেক অর্থমন্ত্রী বলেন, ১২% থোক বরাদ্দ এ সরকারের মেয়াদের অবশিষ্ট চার মাসে ২০%এ গিয়ে ঠেকবে। সরকার চাইবে এই সময়ের মধ্যেই থোক বরাদ্দের সমস্ত টাকা খরচ করে ফেলতে।
বর্তমান সরকারের আমলে প্রণীত সবক’টি বাজেটকে ’উচ্চাভিলাষী’ আখ্যায়িত করে তিনি বলেন, তারা একটি বাজেটও ঠিকমতো বাস্তবায়ন করতে পারেনি।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অর্থমন্ত্রী কোনো কার্যকর ব্যবস্থা গ্রহন করেননি বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, এখন চিনির আমদানী শুল্ক হ্রাস করলেও এ ব্যবস্থা বিশেষ কোনো কাজে আসবে না।
তিনি আশংকা প্রকাশ করেন প্রস্তাবিত বাজেটের ঘাটতির পরিমাণ ২০- ২৫ শতাংশে গিয়ে দাঁড়াতে পারে। তার মতে, এতে করে পরবর্তী সরকারগুলো অসুবিধায় পড়বে।
