প্রস্তাবিত বাজেট নির্বাচনমুখী; দরিদ্রদের সুফল নিয়ে সংশয় প্রকাশ করলেন অর্থনীতিবিদরা
প্রস্তাবিত ২০০৬ - ০৭ অর্থবছরের বাজেটকে ‘ শুধুমাত্র নির্বাচনমুখী’ অভিহিত করে বৃহস্পতিবার দেশের নেতৃত্বস্থানীয় অর্থনীতিবিদরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
তারা বাজেট প্রস্তাবকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখা করেন। এ বাজেট গরীবদের জন্য সুফল নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন।
দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোজফ্ফর আহমেদ বাজেটে স্বচ্ছতার অভাব বলে সমালোচনা করেন। তিনি বলেন, উন্নয়ন খাতের পরিস্থিতি ভালো নয় অন্যদিকে শিল্পখাতের অবস্থাও অস্থিতিশীল।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড.ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এ বাজেটে নির্বাচনী রাজনীতিই প্রতিফলিত হয়েছে। এখানে জনগণের উন্নয়ন ও নির্বাচনী রাজনীতিকে সন্বয় করার একটা চেষ্টা করা হয়েছে।
বিশিষ্ট অর্থনীতিবিদ ড.দেবপ্রিয় ভট্টাচার্য হতাশা ব্যক্ত করে বলেন, পরিকল্পনা ও অর্থনৈতিক সংস্কারের ব্যাপারে এ বাজেটে সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা নেই।
তিনি বলেন, মেয়াদের শেষ বছরে এ ধরনের নির্বাচনী বাজেট রাজনৈতিক সরকারের ব্যর্থতাই বলতে হবে।
বাজেটে দুর্নীতি রোধের ব্যাপারে কোনো ব্যবস্থা নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় তিনবার দুর্নীতির কথা বললেও তা দমনে কোনো ব্যবস্থার কথা বলেননি।
অর্থনীতিবিদ আনু মাহমুদ বলেছেন, এ বাজেটে দারিদ্র বিমোচন সম্ভব নয়।
তিনি বলেন, এ বাজেটে উৎপাদন খাতে কিছু সুবিধা পাওয়া যাবে। কিন্তু বিনিয়োগ ও কর্ম সংস্থানের ক্ষেত্রে মৌলিক কোনো পরিবর্তন এ বাজেটে নেই।
