শিল্পের প্রাথমিক খাতের জন্য নগদ সহায়তার বিষয়টি বাজেটে উল্লেখ নেই: বিটিএমএ সভাপতি
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি এমএ আওয়াল বৃহস্পতিবার সংসদে ঘোষিত ২০০৬-০৭ অর্থবছরের বাজেট সম্পর্কে তার প্রতিক্রিয়ায় বলেছেন, এতে বেশ কিছু বিষয়ে অস্পষ্টতা রয়েছে। এসব বিষয় সম্পর্কে বাজেট পাসের আগেই অর্থমন্ত্রী বিবেচনা না করলে এ বাজেট পরিপূর্ণ হবে না।
বিডিনিউজকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমএ আওয়াল বলেন, অর্থমন্ত্রী এ বাজেটটি অত্যন্ত সংক্ষেপে উপস্থাপন করেছেন। কিন্তু তার দেওয়া বাজেটে বিভিন্ন শিল্পের প্রাথমিক খাতের জন্য নগদ সহায়তার কোনো কথা বলা হয়নি। অথচ এ খাতে ২০০৬ সালের জুন পর্যন্ত ৫ শতাংশ নগদ সহায়তার সুযোগ রাখা হয়েছিল।
তিনি বলেন, এই নগদ সহায়তার পরিমান ২০০৪ সালে ১৫ শতাংশ এবং ২০০৫ সালেও ৫ শতাংশ ছিলো। কিন্তু এবারের বাজেটে এর কোনো উল্লেখই করা হয়নি। অথচ আমাদের প্রতিবেশী দেশে এসব খাতে প্রতি বছরই সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে।
তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বায়নের সময়ও এ অবস্থা অব্যাহত থাকলে ২০০৮ সালের পর আমাদের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর গঠিত টাস্ক ফোর্সের সুপারিশের সাথে আমাদেরও কিছু সুপারিশ অর্থমন্ত্রীকে দেওয়া হয়েছে। বাজেট ঘোষণা হলেও এসব বিষয়ে এখনো বিবেচনার সুযোগ রয়েছে। এ ব্যাপারে সরকার ব্যবস্থা না নিলে নতুন নতুন শিল্প উদ্যোক্তারা নিরুৎসাহিত হবে।
