চলতি অর্থবছরে জিডিপি হবে ৬ দশমিক ৭ শতাংশ
জ্বালানি তেলের উচ্চমূল্যজনিত প্রতিকূলতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশে উন্নীত হবে বলে অর্থও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান আশা প্রকাশ করেছেন।
জাতীয় সংসদে বৃহস্পতিবার অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, কাঠামোগত সংস্কার কার্যক্রম সফলভাবে গ্রহণ করার ফলে অর্থনৈতিক উন্নয়নের চাকাকে নীরবচ্ছিন্নভাবে এগিয়ে নেয়া সম্ভব হয়েছে।
আগের বছরগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও ২০০৪ সালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলা করার পরও ২০০৪ - ০৫ অর্থবছরে ৫.৯ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়।
অর্থমন্ত্রী ম্যানুফ্যাকচারিং শিল্প খাতে চলতি অর্থবছরে ১০.৪৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন। জাতীয় উৎপাদনেও কাঠামোগত ইতিবাচক পরিবর্তন এসেছে মোট জিডিপিতে শিল্প খাতের অবদান বেড়ে ২৯ শতাংশে দাঁড়িয়েছে বলে তিনি জানান।
টেকসই অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নের আবশ্যিক শর্ত হচ্ছে অভ্যন্তরীণ বিনিয়োগযোগ্য সম্পদ আহরণে সফলতা অর্জন। ২০০৫ -- ০৬ অর্থবছরে অভ্যন্তরীণ সঞ্চয় বেড়ে যথাক্রমে ২০ দশমিক ৩ এবং ২৬ দশমিক ৬ শতাংশে উন্নীত হবে বলে তিনি তার বক্তব্যে আশা প্রকাশ করেন।
অর্থমন্ত্রী বলেন, ২০০১ - ০২ অর্থবছর থেকে ২০০৪ - ০৫ অর্থবছর পর্যন্ত চার বছরে বেসরকারি খাতে মোট বিনিয়োগ হয়েছে প্রায় ২২৫ হাজার কোটি টাকা, যা পরবর্তী ৫ বছরে ছিল প্রায় ১৬৬ হাজার কোটি টাকা।
২০০৫ - ০৬ অর্থ বছরের প্রাক্কলিত বিনিয়োগসহ বর্তমান সরকারের পাঁচ বছরে বেসরকারি খাতে বিনিয়োগের পরিমাণ পরবর্তী সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
বাজেট ঘাটতির ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, সুষ্ঠু সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করতে বিচক্ষণ রাজস্ব নীতি অনুসরণের ফলে প্রকৃত বাজেট ঘাটতি জিডিপি-র ৩ দশমিক ৫ শতাংশের মধ্যে সীমিত থাকে। সরকার কার্যত উচ্চমূল্যে সরবরাহ ঋণ গ্রহণ না করে সহজ শর্তে বৈদেশিক ঋণ গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রাখে। অভ্যন্তরীণ উৎস হতে ঋণ গ্রহণের পরিমাণও জিডিপি-র ২ শতাংশের মধ্যে সীমিত রাখে। ফলে, মোট ঋণের স্থিতি গত পাঁচ বছরে জিডিপি-র শতাংশ হিসেবে বাড়েনি, বরং ৫১ শতাংশ থেকে কমে জিডিপি-র ৪৮ শতাংশে এসে দাঁড়িয়েছে।
বেসরকারি খাতের ঋণপ্রবাহের অবস্থা তুলে ধরে তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থা হতে সরকার কর্তৃক অতিমাত্রায় ঋণ গ্রহণের ফলে ব্যক্তিখাতে ঋণ প্রবাহ হ্রাস পেয়েছে। সরকারের এ ঋণের পরিমাণ মাত্র ৬৮৮ কোটি টাকা বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, জ্বালানি তেলের উচ্চ আমদানি মূল্যের কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) ব্যাংকিং ব্যবস্থা হতে ঋণ গ্রহণের পরিমাণ বাড়াতে হয়েছে। তা সত্ত্বেও, বেসরকারি খাতে ঋণ প্রবাহ অব্যাহত রয়েছে এবং মার্চ ২০০৬ পর্যন্ত শিল্প ঋণ বৃদ্ধি পেয়েছে গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ।
সাইফুর রহমান মুদ্রাস্ফীতির ওপর আলোকপাত করে বলেন, মূলত আন্তর্জাতিক বাজারে খাদ্যদ্রব্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় বার্ষিক মূল্যস্ফীতি চলতি অর্থ বছরের প্রথমদিকে ৭ শতাংশে পৌঁছায়। প্রকৃতপক্ষে, উচ্চমূল্যে দ্রব্যাদি আমদানির সাথে সাথে এই মূল্যস্ফীতিও আমরা আমদানি করেছি। তবে, বিচক্ষণ সংকোচনমুখী মুদ্রানীতি গ্রহণের ফলে মূল্যস্ফীতির চাপ অনেকটা প্রশমিত হয়েছে।
তিনি বলেন, ২০০৬ সালের মার্চ মাসে মূল্যস্ফীতি নেমে এসেছে ৬ দশমিক ২ শতাংশে। সুদের হার কিছুটা বেড়েছে। ব্যক্তিখাতে অতিরিক্ত অনুৎপাদনশীল ঋণ গ্রহণের প্রবণতা হ্রাস পেয়েছে। প্রশমিত হয়েছে বিনিময় হারের উপর চাপ।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ২০০৪ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে ৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়। বর্তমানেও তা ৩ বিলিয়ন মার্কিন ডলারের ওপরে রয়েছে।
তিনি বলেন, এ অবস্থায়, বিশেষকরে ভাসমান মুদ্রা ব্যবস্থায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটা সন্তোষজনক পর্যায়ে রাখা অপরিহার্য। তা না হলে,টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা সম্ভব হবে না এবং টাকার অবমূল্যায়নের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা অসম্ভব হয়ে পড়বে।
