২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িমারী স্থলবন্দর অচল করে দেওয়ার হুমকি দিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্টরা

বিডিআরের সাথে কোন্দলের জের ধরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর অনির্দিষ্টকালের জন্য অচল করে দেওয়ার হুমকি দিয়েছে ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং) সিঅ্যান্ডএফ এজেন্টরা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 04:58 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিডিআর মঙ্গলবার ৬৫ লাখ টাকা মূল্যের সুপারি অবৈধ বলে আটক করে। এ নিয়ে এজেন্টদের সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়।

সিঅ্যান্ডএফ এজেন্টরা তাদের এ চালান ফেরত দিতে বলে। অন্যথায় বৃহস্পতিবার বিওপি অবরোধ এবং শনিবার থেকে বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।

পান সুপারি পাচারের ব্যাপারে বিডিআর ও সিঅ্যান্ডএফ এজেন্টরা পরস্পরবিরোধী বক্তব্য প্রদান করেছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সভাপতি হাসানুজ্জামান এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানি জুলফি পাচারের অভিযোগ অস্বীকার করেন।

তারা জানান, রপ্তানি কাজে নিয়োজিত যমুনা ট্রেডিং কোম্পানি ২৮ হাজার ৫৬ কেজি সুপারি বাগেরহাট থেকে নিয়ে আসে এবং গোলাম রব্বানি জুলফির মাধ্যমে তা বুড়িমারী বন্দর দিয়ে রপ্তানি করতে চেয়েছিল। তারা বলেন, সীমান্ত কর্তৃপক্ষ তা রপ্তানিতে অনুমতি দেয়নি এবং রপ্তানি প্রক্রিয়ার এক পর্যায়ে তারা এ চালান ফেরত পাঠায়।

তারা অভিযোগ করেন, বিডিআর তাদের চালান আটকে দেয় এবং তাদের চারজনকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এদিকে বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার বাহার এজেন্টদের অভিযোগ প্রত্যাখান করে বলেন, প্রতি বছরই চোরাচালানিরা সুপারির মতো অন্যান্য পণ্য অবৈধভাবে বিদেশে পাঠায়। ১৯ রাইফেলস ব্যাটালিয়নের ক্যাপ্টেন শাফাতও একই কথা বলেন।