২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি পোশাক খাতের ত্রিপক্ষীয় চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি

দেশের তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত গোষ্ঠীগুলো তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ দূর করতে শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

আয়োজিত ‘পোশাক শিল্পে সাম্প্রতিক অস্থিরতা: সমাধান কোন পথে’ শীর্ষক বহুপাক্ষিক এক সংলাপে বক্তারা এ মতামত ব্যক্ত করেন।

সিরডাপ মিলনায়তনে বুধবার অনুষ্ঠিত এ সংলাপে তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত গোষ্ঠীগুলো দাবি বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি ত্রিপক্ষীয় পর্যবেক্ষণ কমিটি গঠনের দাবি জানান।

সংলাপে প্রধান অতিথি বাণিজ্য ও পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শ্রমিকদের কাজের ন্যায্যমূল্য ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে এবং তাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশি শক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করে উভয়পক্ষকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, সরকার মালিক ও শ্রমিকের স্বার্থ রক্ষায় সবসময় বদ্ধ পরিকর।

তিনি মজুরি কমিশন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন এবং শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বর্ণনা দিয়ে বলেন, শ্রমিকদের কল্যাণে ইতোমধ্যে সরকার নানাবিধ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ হাতে নিয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী সংলাপে সভাপতির দায়িত্ব পালন করেন।

সংলাপে উদ্বোধনী বক্তব্য রাখেন সিপিডির নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য।

সংলাপে শ্রমিক নেতারা গার্মেন্টস কর্মীদের জন্যে ৩০ শতাংশ অন্তবর্তীকালীন মহার্ঘ্য ভাতা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

সংলাপে সাংসদ রিদোয়ান আহমেদ বলেন, শ্রমিক নেতারা তাদের অযৌক্তিক দাবি বাস্তবায়নের ব্যাপারে মালিকদের ওপর চাপ অব্যাহত রাখলে বৃহস্পতিবার বিজিএমইএ’র বার্ষিক বৈঠকে কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন।

বিজিএমইএ সভাপতি টিপু মুন্সী বলেন, শ্রমিক ও মালিকদের মধ্যে সুসম্পর্ক বজায় না থাকলে তারা গার্মেন্টস শ্রমিকদের সমস্যার সমাধান করতে পারেন না।

গার্মেন্টস মালিকরা বলেন, এ খাতে গত কয়েক বছরে লাভের পরিমাণ কমে এসেছে। তারা মালিকদের লাভের বিষয়টি বিবেচনায় রেখে শ্রমিকদের বেতন নির্ধারণের দাবি জানান।

সংলাপে অন্যান্যের মধ্যে সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংসদ নাসের রহমান ও কর্নেল (অব.) ফারুক খান, সাবেক সাংসদ আখতারুজ্জামান, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বক্তব্য রাখেন।