২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় কোরীয় মালিকানাধীন গার্মেন্টস ফ্যাক্টরিতে হামলা, ২০ শ্রমিক আহত

উত্তরায় কোরীয় মালিকানাধীন একটি গার্মেন্টস কারখানায় বুধবার সকালে কর্তৃপক্ষের অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ২০ শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 04:36 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সবুজ, লিটন, আসাদ, ওয়াসিম, জালাল এবং মিনার নামের আহত ছয় শ্রমিককে উত্তরা মা ও শিশু হাসপাতাল এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া রেজাউল, মাসুদ, জাকিরুল, জসিম, মিজান ও আরো নয়জনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

উত্তরার দক্ষিণ খান এলাকার শাহ কবির মাজার রোডের হেসঙ করপোরেশনের ১ নং ইউনিটের শ্রমিকরা নির্যাতনের অভিযোগে জেনারেল ম্যানেজার কামরুজ্জামান, প্রজেক্ট ম্যানেজার আব্দুল খালেক, সুপারভাইজর আসাদ ও অন্যান্য কর্মকর্তাদের বরখাস্তসহ ২২ দফা দাবিতে বিক্ষোভ শুরু করলে তাদের ওপর হামলা হয়।

ওই ফ্যাক্টরির নিটিং অপারেটর জসিম এবং রেজাউল এ বিক্ষোভের নেতৃত্ব দেয়। এর আগে সোমবার তারা তাদের দাবি পূরণে কর্তৃপক্ষকে ছয় দিনের আল্টিমেটাম দেয়।

রোজাউল বলেন, ফ্যাক্টরি কর্তৃপক্ষ কর্মকর্তাদের বরখাস্ত ছাড়া আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

রেজাউল বুধবারের হামলার কথা উল্লেখ করে বলেন, শ্রমিকরা ফ্যাক্টরিতে সকালে কাজের জন্য আসলে জিএম, পিএম ও সুপারভাইজরের ক্যাডাররা শ্রমিকদের ওপর হামলা চালায়।

তিনি অভিযোগ করে বলেন, জিএম, পিএম ও সুপারভাইজর হামলায় নেতৃত্ব দেয়। রেজাউল আরো বলেন, তারা আমাদের এলাপাথারি মারতে থাকে কিন্তু সেসময় কোনো পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিলোনা।

তিনি অবিলম্বে দাবি মেনে নিতে ও হামলার পিছনে দায়ীদের শাস্তির দাবি জানান।

রেজাউল আরো বলেন, অন্যথায় আমরা ফ্যাক্টরি বন্ধসহ বৃহত্তর আন্দোলনে যাবো।

মাসুদ নামের একজন আহত শ্রমিক বলেন, ফোরকান, আকাশ, মমিনুল, রিপনসহ ২০/৩০ জনের সন্ত্রাসী দল তাদের ওপর হামলা চালায়।

উত্তরার হেসঙ করপোরেশনের ১ নং ইউনিটে ২২০০ শ্রমিক কাজ করে।

ঘটনার পর র‌্যাবসহ তিন প্লাটুন পুলিশ ওই স্থানে মোতায়েন করা হয়েছে।

তবে বেলা ২টা পর্যন্ত চেষ্টা করেও গার্মেন্টসের কর্মকর্তাদের সাথে দেখা করা যায়নি। বেলা ২টার দিকে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ফ্যাক্টরির নিরাপত্তারক্ষীরা জানান, কর্মকর্তারা দুপুরের খাবার খাচ্ছেন।

বেলা সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে চরম উত্তেজনা বিরাজ করছিলো।