২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পুনর্বন্টন সহযোগিতার পক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার বলেছেন, দারিদ্র নিরসন, আয় বৃদ্ধি ও কাজের সুযোগ সৃষ্টি করতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে পুনর্বন্টন সহযোগিতা না থাকলে এটি দেশের কোনো উপকারে আসবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, উচ্চ জিডিপি প্রবৃদ্ধি তখনই একটি দেশের উপকারে আসে যখন দারিদ্র নিরসন, আয় বৃদ্ধি ও কাজের সুযোগ সৃষ্টি করতে এটির পুনর্বন্টন সহযোগিতা বজায় থাকে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের (এসএমইএস) এক্ষেত্রে গুরুত্ব রয়েছে।

গভর্নর তার কার্যালয়ে এসএমই তহবিল ছাড় অনুষ্ঠানে ছোট ও মাঝারি শিল্পের উদ্যোক্তা প্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে চেক হস্তান্তরের পর এ কথা বলেন।

তিনি বলেন, এসএমইএস দরিদ্রতা নিরসন, কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নে সহায়তা করে। মূল্য সংযোজনের ক্ষেত্রে এর বাড়তি অবদান রয়েছে।

বাংলাদেশ ব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে পাওয়া অর্থ থেকে পুনঅর্থায়ন হিসেবে দুটি ব্যাংক ও পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানকে ১৯৭ মিলিয়ন টাকার সমপরিমাণ তহবিল ছাড় দেয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানকে ঋণ সুবিধা দিতে এডিবি দুই বিলিয়ন টাকা অনুদান দিয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো- ওয়ান ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, মিডাস ফিনান্সিং লিমিটেড, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড লিজিং কোম্পানি অব (আইডিএলসি) অব বাংলাদেশ লিমিটেড, ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

এডিবির আবাসিক পরিচালক হুয়া দু এসময় উপস্থিত ছিলেন।

এডিবি সমর্থনপুষ্ট ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাত উন্নয়ন কর্মসূচির (এসএমইএসডিপি) জন্য বরাদ্দকৃত ৫০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল থেকে এ অর্থ ছাড় করা হলো। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে তাদের এসএমইএএস প্রতিষ্ঠানগুলোকে ঋণ দিতে পারে সে জন্য কর্মসূচির আওতায় ঋণ ছাড় দিতে বাংলাদেশ ব্যাংক দুই বিলিয়ন টাকা পেয়েছে।

এডিবি সমর্থনপুষ্ট তহবিল থেকে পুনঅর্থায়ন সুবিধা নিতে এখন পর্যন্ত নয়টি ব্যাংক ও নয়টি আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।

এডিবির আবাসিক পরিচালক বলেন, এসএমইএস প্রতিষ্ঠানের বিকাশে উৎসাহিত করতে এডিবি দৃঢ়প্রতিজ্ঞ। তবে তিনি তহবিলের ধীরগতির ছাড়ের জন্য অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এডিবি দুই বছর আগে তহবিলের অনুমোদন দিয়েছে।

এসএমইএস প্রতিষ্ঠানকে সুবিধা দিতে দ্রুত তহবিল ছাড় করার প্রয়োজন বলে হুয়া দু মন্তব্য করেন। তিনি বলেন, হালকা প্রকৌশল খাতের দিকে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। তার ভাষায়, এটি বাংলাদেশের অন্যতম সম্ভাবনায় খাত।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের এসএমইএস প্রতিষ্ঠানগুলোকে ঋণ সরবরাহের বিপরীতে পুনর্অর্থায়ন সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক ২০০৫ সালে এক বিলিয়ন টাকার ক্ষুদ্র উদ্যোক্তা তহবিল (এসইএফ) গঠন করে। পরবর্তীতে বিশ্বব্যাংক তহবিলে ৭০০ মিলিয়ন টাকা সরবরাহ করে।