ডিইপিজেডে বৃহস্পতিবার থেকে আবার উৎপাদন শুরু
ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ডিইপিজেড) পাঁচ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আবার উৎপাদন শুরু হচ্ছে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নবনিযুক্ত নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফের সঙ্গে মঙ্গলবার এক বৈঠকের পর ডিইপিজেডে বিনিয়োগকারীরা পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু করতে সম্মত হন।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা বিনিয়োগকারী সমিতি (বেপজিয়া) বৃহস্পতিবার থেকে শ্রমিকদের বেতন দেওয়া শুরু করবে বলেও ঘোষণা দিয়েছে। আগামী ১২ জুন পর্যন্ত বেতন পরিশোধের এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেপজিয়া চাপের মুখে শ্রমিকদের সকল দাবি মেনে নিতে বাধ্য হলেও এখন তারা চাচ্ছে কারখানা পর্যায়ে শ্রমিক ও মালিকদের মধ্যে এ পর্যন্ত সম্পাদিত সকল চুক্তি বাতিল করা হোক।
বেপজিয়ার পক্ষ থেকে বৈঠকে বলা হয়, বেপজা আইনের বিধিবিধান মেনে চলার ব্যাপারে তারা অঙ্গীকারাবদ্ধ।
শ্রমিকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেওয়ায় গত শনিবার ডিইপিজেডের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এসময় বেপজিয়া ডিইপিজেডের সকল কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে।
মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হওয়ার পর সোমবার থেকে ডিইপিজেডের বাইরে গার্মেন্টস শিল্পে উৎপাদন কার্যক্রমে প্রাণ ফিরে আসে।
