কালো টাকা সাদাকরণ প্রক্রিয়ায় বঞ্চিত হচ্ছে প্রকৃত করদাতারা
কালো টাকা সাদা করার প্রচলিত বিধানের সুযোগ নিয়ে সাত দশমিক পাঁচ শতাংশ কর প্রদানের মাধ্যমে ৬৫ লাখ টাকা সাদা করেছেন এমন একজন করদাতা তার বার্ষিক আয় দেখিয়েছেন মাত্র দুই লাখ ২৫ হাজার টাকা। ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
আয়কর বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, ওই করদাতা কর থেকে রেহাই পাওয়ার জন্য একটি কোম্পানির নয় লাখ টাকার শেয়ার ক্রয়ের মাধ্যমে (যা আসলে সত্যি নয়) আয়কর অধ্যাদেশের আওতাধীন প্রচলিত বিনিয়োগ সুবিধা বিধির (১৯ এর ক ক ক ধারা) অপব্যবহার করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আয়কর কর্মকর্তা বলেন, আপনাকে যদি কালো টাকার জন্যই কম কর দিতে উৎসাহিত করা হয়, তবে সাদা টাকার জন্য আপনি কেন বেশি কর পরিশোধ করবেন।
তিনি বলেন, যেখানে ১০ লাখ সাদা টাকার জন্য একজন করদাতাকে এক লাখ ৫২ হাজার ৫০০ টাকা কর দিতে হয়, সেখানে একই পরিমাণ কালো টাকার জন্য তাকে পরিশোধ করতে হয় মাত্র ৭৫ হাজার টাকা।
চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ৭ দশমিক ৫ শতাংশ কর পরিশোধের মাধ্যমে ১ হাজার ৩০৯ কোটি টাকা সাদা করা হয়েছে। জুলাই- মে সময়ের মধ্যে প্রচলিত বিধি অনুযায়ী এ বাবদ সরকার পেয়েছে মাত্র ৯৮ কোটি টাকা।
২০০৫-০৬ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশের মোট কালো টাকার খুব সামান্যই সাদা হয়েছে এবং কর বাবদ সরকারও খুব সামান্যই পেয়েছে বলে আয়কর বিভাগের অন্য একটি সূত্র জানায়।
ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিন) ০৮৭১০৫৫৯৫৫ এর এক ব্যক্তি তার ঘোষিত আয় দেখিয়েছেন বছরে ২০২৫০০ টাকা অথচ তিনি কালো টাকা সাদা করণের সুযোগ নিয়ে মোট ৬৫ লাখ টাকা সাদা করিয়ে নিয়েছেন।
ইনকাম ট্যাক্সের একজন কর্মকর্তা জানান, এছাড়াও ওই ব্যক্তি বিনিয়োগের নামে কর মওকুফ নিয়ে আয়কর অধ্যাদেশের ধারা ১৯ককক’র অপব্যবহার করেন।
একদল অসাধু ব্যবসায়ী তাদের বৈধ আয় কম দেখিয়ে কালো টাকা সাদাকরণ প্রক্রিয়ার সুযোগ নিয়ে বড় অংকের কালো টাকা সাদা করিয়ে নিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এ কথা বলেন।
তিনি আরও বলেন, যেসব কালো টাকার মালিক তাদের বর্তমান সুযোগ কাজে লাগিয়ে ওই টাকা সাদা করিয়ে নেয়নি তাদের কঠোর অবস্থার মুখোমুখি হতে হবে। কারণ রাজস্ব বোর্ড পরবর্তী অর্থবছরে এদের বিরুদ্ধে জোরদার অভিযান চালাতে যাচ্ছে।
এনবিআর’র কেন্দ্রীয় গোয়েন্দা সেল ইতোমধ্যেই ৫০০ সন্দেহভাজন কর ফাঁকিদাতার নামের তালিকা তৈরি করেছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা রয়েছে, যা তারা তাদের কর পরিশোধ রিপোর্টে উল্লেখ করেনি।
কালোটাকার মালিকদের কম কর পরিশোধ করে তাদের টাকা সাদা করিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়। সাধারণ করদাতাদের চেয়েও তাদের করের হার কম ছিলো একারণে যে, তারা যাতে করহীন অর্থগুলো বৈধ করিয়ে নিতে পারে।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বলছেন, আগামী বছর কালো টাকা সাদা করার কোনও সুযোগই আর দেওয়া হবে না।
এর আগে ১৯৭৬ সালে সামরিক শাসনামলে এ ধরনের সুযোগ নিয়ে অল্প কয়েকজন কালো টাকা ধারী মাত্র ৭০ কোটি টাকা সাদা করিয়ে নেয়।
১৯৮৭--৮৮ সালে, সরকার নিঃশর্তভাবে ২০ শতাংশ আয় কর নিয়ে এমন সুবিধা প্রদান করে। সে দফায় ২০০ কোটি কালো টাকা সাদা করার মধ্যে দিয়ে ৪০ কোটি টাকা কর আদায় হয়।
১৯৮৮-৯০ সময়কালে সরকার একই ২০ শতাংশ হারে সুযোগ ঘোষণা করে তবে এর সাথে যদি কেউ শিল্পে বিনিয়োগ করে তার জন্যে কর ধরা হয় ১০ শতাংশ হারে।
নতুন নীতির কারণে ২৫০ কোটি কালো টাকা সাদা করা হয় যাতে মোট কর আদায় হয় ৩৫ কোটি টাকা।
পরের বছর ৪০০ কোটি টাকা সাদা করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে কর আদায় হয় ৪০ কোটি টাকা।
এর প্রায় এক দশকেরও বেশি সময় পর ২০০০-০১ সালে আওয়ামী লীগের সরকার আমলে এ পদ্ধতি পুনরায় চালু হয়। এসময় ১০ শতাংশ কর হারে নিঃশর্তভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। এ দফায় ১০০০ কোটি টাকা সাদা করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে কর আদায় হয় ১০০ কোটি টাকা।
বিএনপি সরকার ২০০২-০৩ অর্থবছরে একটি পদ্ধতি চালু করে যার আওতায় কালো টাকার মালিকরা কোনও কর না দিয়েই তাদের টাকা সাদা করার সুযোগ পায়। এর জন্য তাদের টাকা উৎপাদন বা সেবা খাতে বা শেয়ার বাজারে বিনিয়োগ করতে হয়। গত তিন বছরে এভাবে ২০০০ কোটি টাকা সাদা করা হয়েছে।
