ডিইপিজেডের উৎপাদন শুরুর কোনো সিদ্ধান্ত হয়নি, বাইরের পরিস্থিতি প্রায় স্বাভাবিক
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) বাইরের পরিবেশ-পরিস্থিতি সোমবার প্রায় স্বাভাবিক থাকলেও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বিনিয়োগ সমিতি (বেপজিয়া) কারখানাগুলোর উৎপাদন শুরু করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।
তবে বেপজিয়া সোমবার বিকেলে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নবনিযুক্ত নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফের সাথে মঙ্গলবার সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছে।
রাজধানীর উত্তরায় বিদেশি এক বিনিয়োগকারীর অফিসে বেপজিয়ার বৈঠকে সদস্যরা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও কমিটির প্রতিবেদন পর্যালোচনা করেন।
বৈঠকে বেপজিয়ার ভাইস চেয়ারম্যান কায়সার রহমান, ওয়াইকেকে’র ব্যবস্থাপনা পরিচালক নাকা বোনা, ইয়াঙ্গুনের সভাপতি পিটার বোয়ার, এসএ নুর ও আনিসুল ইসলাম মাহমুদ বক্তব্য রাখেন।
বেপজিয়ার চেয়ারম্যান ও ইয়াঙ্গুনের চেয়ারম্যান কিহাক এসভং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সিউল থেকে আলোচনায় অংশ নেন।
রুদ্ধদ্বার বৈঠকের পর পিটার বোয়ার সাংবাদিকদের বলেন, ডিইপিজেডের নিরাপত্তার আংশিক উন্নতি ঘটেছে। ডিইপিজেডের পুরো নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটলেই কেবল আমরা আমাদের কারখানার উৎপাদন শুরু করতে পারি।
নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতির কথা স্বীকার করে এসএ নুর বলেন, আমরা শনিবারের মতো ঘটনার পুনরাবৃৃত্তি না ঘটার নিশ্চয়তা চাই।
বাণিজ্যমন্ত্রী হাফিজ উদ্দিন বলেন, ডিইপিজেডের বাইরের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শিগগিরই ডিইপিজেডের উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, একদিন চলে গেছে। সম্ভবত বিনিয়োগকারীরা আরও দুই একদিন সময় নিতে চায়।
গত ২২ মে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ও হামলার ঘটনার ধারাবাহিকতা হিসেবে সাভারে ঢাকা ইপিজেডে শনিবার শ্রমিক অসন্তোষ দেখা দেওয়ায় ও ভাংচুরের ঘটনা ঘটায় সেদিন থেকে সেখানকার একশ’র মতো কারখানার কার্যক্রম শনিবার থেকে বন্ধ রয়েছে।
উৎপাদনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বেপজিয়া ঢাকা ইপিজেডের সকল উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়।
কয়েকদিনের শ্রমিক অসন্তোষের পর সোমবার গাজীপুরে শান্ত পরিস্থিতি বিরাজ করতে দেখা যায়। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদেরকে টঙ্গি, গাজীপুর, কালিয়াকৈর ও জিরানি এলাকায় টহল দিতে দেখা গেছে।
গাজীপুরে এক হাজারের ওপর কারখানার মধ্যে আট নয়টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। দুটি কারখানায় উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিলেও পরবর্তীতে পরিবেশ স্বাভাবিক হয়ে যায়।
সাভারে র্যাব, আধাসামরিক বিডিআর ও পুলিশের সদস্যদের শিল্পাঞ্চলের সমস্যাসংকুল এলাকায় টহল দিতে দেখা গেছে। সেখানে উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
এদিকে বেপজার নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ বলেছেন, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে তার সামনে যে চ্যালেঞ্জ দেখা দিয়েছে, তাকে মোকাবিলা করার জন্য তিনি সম্ভব সবকিছু করবেন।
তিনি বলেন, আমি আগেভাগে কোনো কথা বলতে পারবো না। তবে যতদ্রুত সম্ভব আমি ডিইপিজেড খুলতে চাই। তবে এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পুরো পরিস্থিতি অনুধাবনের জন্য আমার কিছু সময় প্রয়োজন।
