গাজীপুরে গার্মেন্টস শিল্প শান্ত হয়ে আসছে
বেশ কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর সোমবার গাজীপুর শিল্প এলাকার পরিস্থিতি শান্ত দেখা গেছে। টঙ্গী, গাজীপুর, কালিয়াকৈর এবং জিরাণী এলাকায় বিডিআর ও র্যাবের টহল অব্যাহত রয়েছে।
সোমবার সহস্রাধিক গার্মেন্টসের মধ্যে আট নয়টি ফ্যাক্টরীর উৎপাদন কাজ বন্ধ ছিল। এ ছাড়া দু’টি গার্মেন্টসে খানিকটা উত্তেজনা দেখা দিলেও পরে তা শান্ত হয়ে যায়।
সূত্র জানায়, সকালে জরুণ এলাকার চান্দিনা গার্মেন্টস ও কোনাবাড়ির তাসমিয়া গার্মেন্টসের শ্রমিকরা তাদের দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি শুরু করলে কর্তৃপক্ষের আশ্বাসের পর তারা আবার কাজে ফিরে যায়।
কয়েকদিনের বন্ধের পর সোমবার কোনাবাড়ির মণ্ডল গার্মেন্টসে উৎপাদন কাজ শুরু হয়। তবে জিরাণী বাজারের মাছিহাতা গার্মেন্টস সোমবার খুললেও ফ্যাক্টরির উৎপাদন বন্ধ থাকে।
এই কারখানায় নিহত শ্রমিক রাজু আহমেদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। বিক্ষুব্ধ শ্রমিকদের হামলা ও অগ্নিকাণ্ডের সময় ছাদ থেকে লাফিয়ে পরলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে মাছিহাতা কারখানার কর্তৃপক্ষ নিহত শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দেন।
মঙ্গলবার থেকে কারখানার উৎপাদন কাজ শুরু করা হবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার জিরাণীবাজারে ডরিণ, মাল্টিফেব্রিকস, ওরিয়েন্টাল, অনুপমসহ কয়েকটি গার্মেন্টস বন্ধ ছিল।
এদিকে, জিরাণীবাজারের আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের সময় পুলিশ তাহের এবং সেলিম নামের দুই যুবককে গ্রেপ্তার করে।
