গোল্ডেন হ্যান্ডসেকের বকেয়া পাওনার দাবীতে কওমী জুট মিলে শ্রমিক বিক্ষোভ
উত্তরাঞ্চলের বৃহত্তম রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান সিরাজগঞ্জ কওমী জুট মিলের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক সোমবার গোল্ডেন হ্যান্ডসেকের বকেয়া টাকা পরিশোধের দাবিতে মিলের অভ্যন্তরে বিক্ষোভ দেখিয়েছে। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত তারা মিলের প্রধান কার্যালয় অবরুদ্ধ করে রাখে।
সূত্র জানায়, অবরোধ চলাকালে মিলের ডিজিএমসহ উর্ধ্বতন কর্মকর্তা ও সিবিএ’র নেতৃবৃন্দ ভেতরে আটকে পড়েন। অবরোধ চলাকালে পুলিশের একটি দল মিলে গিয়েও পরিস্থিতি শান্ত করতে পারেনি। পরে সিবিএ নেতৃবৃন্দ, মিলের কর্মকর্তাবৃন্দ ও বিক্ষোভকারীদের নেতৃবৃন্দের রুদ্ধদার বৈঠক শেষে পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিলে দুপুর সোয়া ১টায় অবরোধ তুলে নেয়া হয়।
অবরোধ চলাকালে সাংবাদিকদের মিলের অভ্যন্তরে প্রবেশ করতে দেয়া হয়নি।
মিল সূত্রে জানা যায়, মিলের ৪৫৭জন শ্রমিকের গোল্ডেন হ্যান্ডসেকের প্রায় ৫৮ লক্ষ টাকা দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। সোমবার ছিলো বকেয়া পরিশোধের শেষ দিন। সকালে শ্রমিকরা তাদের বকেয়া টাকার জন্য মিলে আসলে মিল কর্তৃপক্ষ জানান, ব্যাংকে টাকা নেই তাই টাকা পরিশোধ করা হবে না। এ কথা শোনার পর শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। কয়েক’শ বিক্ষুদ্ধ শ্রমিক মিলের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। শ্রমিকরা বলেন, টাকা না নিয়ে আমরা আজ ঘরে ফিরব না। পরে মিলের ডিজিএম বনি ইসরাইল শেলী, কওমী সিবিএ সাধারণ সম্পাদক সুজাবত আলী, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ শ্রমিক নেতারা দীর্ঘক্ষণ রুদ্ধদার বৈঠক শেষে জুন মাসের মধ্যে গোল্ডেন হ্যান্ডসেকের অর্ধেক টাকা পরিশোধের ঘোষনা দিলে শ্রমিক অবরোধ তুলে নেয়।
অবরোধ চলাকালে সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য মিলের অভ্যন্তরে প্রবেশ করতে চাইলে তাদেরকে দু’ঘন্টা বাহিরে বসিয়ে রাখা হয়। এরপর সাংবাদিকরা উত্তেজিত হয়ে উঠল সাড়ে ১২টার দিকে মিলের অভ্যন্তরে প্রবেশ করতে দেয়া হয়। এব্যাপারে কওমী জুট মিলের ডিজিএম বনি ইসরাইল শেলীর সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, মিলের আন্দোলন চলছে তাই সাংবাদিকদের প্রবেশে সমস্যা ছিল। তিনি বলেন, শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডসেকের বকেয়া টাকা দিতে পারছি না তাই তারা আন্দোলন করছে। টাকা ম্যানেজ হলেই শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধ করা হবে।
