২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযুক্ত বেপজা কর্মকর্তাকে অপসারণের পরিবর্তে পদোন্নতি, নেপথ্যে বেপজার প্রভাবশালী অংশ

ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (বেপজা) শ্রমিকরা বেপজার যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন, তাদের চারজনের একজনকে শাস্তির পরিবর্তে একটি তদন্ত কমিটির সদস্য করায় অনেকেই বিস্মিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ বেপজার মহাব্যবস্থাপক কামাল আখতার, নিরাপত্তা প্রধান রেজাউল করিম এবং শিল্প সম্পর্ক কর্মকর্তা এসকে আহসানউল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করে। এছাড়া বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেনকে অপসারণ করা হয়।

এদিকে বাণিজ্য ও শিল্প ব্যবস্থাপক নূরুল হককে শাস্তির পরিবর্তে  বেপজার প্রধান কার্যালয়ে তদন্ত উন্নয়ন ব্যবস্থাপকের দায়িত্ব প্রদান করা হয়েছে। ৪ মে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

সূত্র জানিয়েছে, বেপজার প্রভাবশালী একটি অংশ এবং বাণিজ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা নূরুল হকের দুর্ব্যবহারের ব্যাপারে শ্রমিকদের অভিযোগের হাত থেকে তাকে রক্ষার চেষ্টা চালায়।

সূত্র আরো জানায়, হককে বেপজার অর্থ সদস্য মাসুদ আহমেদের নেতৃত্বে ডিইপিজেডে ৩ মে ভাংচুরের ঘটনায় ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্যে গঠিত তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।

একজন অভিযুক্ত কর্মকর্তাকে কী করে তদন্ত কমিটির সদস্য করা হয়, সে ব্যাপারে ডিইপিজেডের বিনিয়োগকারী এবং শ্রমিকদের অনেকেই প্রশ্ন তুলেছেন।

বেপজার অপসারিত নির্বাহী চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধেও নূরুল হককে রক্ষাচেষ্টার অভিযোগ রয়েছে।

নূরুল হকের বাড়ি বরিশাল হওয়ায় বেপজার প্রভাবশালী অংশ তাকে অভিযোগের হাত থেকে রেহাই পেতে সহায়তা করেছে এবং প্রভাবশালী ওই অংশের অনেকেই বরিশালের অধিবাসী বলে সূত্রটি জানায়।

ডিইপিজেডের শ্রমিক সাত্তার বলেন, নূরুল হক তার অমানবিক আচরণ ও দুর্নীতির কারণে ডিইপিজেডের সবার কাছে পরিচিত।

শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান ডিইপিজেড শ্রমিকদের বৈঠকে রোববার বলেন, তদন্তে দোষী সাব্যস্ত হলে ডিইপিজেডের অপর কর্মকর্তাকেও (নূরুল হক) শাস্তি দেওয়া হবে।