২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগকারী খুঁজে দেওয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা পরামর্শ প্রতিষ্ঠান গেল ইন্টারন্যাশনাল কমার্স গ্র“প (জিআইসিজি) রোববার তহবিলের নিশ্চয়তার পাশাপাশি যৌথ বিনিয়োগের ব্যাপারে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান খুঁজে বের করার ক্ষেত্রে সহযোগিতা প্রদানের ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী গোষ্ঠীর কাছে প্রস্তাব রেখেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 06:51 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সফররত  গেল’র প্রতিনিধি দলের সদস্যরা রোববার বলেন, যৌথ বিনিয়োগ প্রকল্পগুলোতে মার্কিন সরকারের ওভারসিস প্রাইভেট ইনভেস্টমেন্ট করপোরেশন (ওআইপিসি) মোট তহবিলের অন্তত ৬০ শতাংশ সরবরাহ করবে। তহবিলের পরিমাণ ৩০ কোটি মার্কিন ডলারের কম হবে না বলেও তারা নিশ্চয়তা দেন।

গেল ইন্টারন্যাশনাল গ্র“পের সভাপতি ডেভিড গেলের নেতৃত্বাধীন চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) ঢাকার সদস্যদের সাথে বৈঠককালে এ কথা জানায়।

ডেভিড গেল বলেন, টেক্সটাইল, বিদ্যুৎ, কৃষি, চামড়া, রাসায়নিক দ্রব্য, ওষুধ এবং যন্ত্রাংশের মতো নির্বাচিত কিছু শিল্প খাতে স্থানীয় বিনিয়োগকারীদের অতীতের অর্জন ও আর্থিক সম্পদ থাকতে হবে।

এসজিবিএল’র সভাপতি রফিকুল ইসলাম জানান,  গেল ্ইন্টারন্যাশনাল স্থানীয় ব্যবসায়ী গোষ্ঠীকে যৌথ বিনিয়োগের ক্ষেত্রে তহবিল সরবরাহের জন্য উপযুক্ত মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান খুঁজে দেবে এবং প্রযুক্তি, বিশেষজ্ঞ দিয়ে সহযোগিতা করবে।

সফররত প্রতিনিধি দলের সাথে বৈঠকে সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি একে আজাদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য উন্মুক্ত এবং বাংলাদেশ বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে যে ধরনের সুবিধা দিচ্ছে তাতে মার্কিন বিনিয়োগকারীরা ব্যাপকভাবে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে।

দু দেশের বাণিজ্যিক পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, ২০০৬ সালে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ২ হাজার ৬৯২ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি এবং ৩১৮ দশমিক ৯ মিলিয়ন ডলারের পণ্য যুক্তরাষ্ট্র থেকে  আমদানি করে।

বৈঠককালে উভয় পক্ষ শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতা দূর করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

গেল প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থানকালে টেক্সটাইল, বিদ্যুৎ, কৃষি ও চামড়া শিল্পের নেতাদের সাথে আলাদাভাবে বৈঠক করবেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে জিআইসিজি সহসভাপতি উইকুয়ার আজিম এবং বিদ্যুৎ প্রকল্প বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার এস সাফরি, বিসিআই সদস্য শামসুর রহমান এবং এমএ শহীদ বৈঠকে উপস্থিত ছিলেন।