২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাতা ও স্থানীয় চাপপ্রয়োগকারী গোষ্ঠীর কাছে সরকার জিম্মি: সিপিডি

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, দেশের আর্থিক নীতি প্রণয়নের ক্ষেত্রে সরকার দাতা ও স্থানীয় চাপপ্রয়োগকারী গোষ্ঠী এবং বিভিন্ন ব্যক্তির স্বার্থের কাছে জিম্মি হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

‘২০০৬--০৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি’ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে শনিবার সিপিডি’র নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, চলতি অর্থবছরের (২০০৫--০৬) দুই মাসের মধ্যে আর্থিক নীতিমালা লঙ্ঘন করে সরকার দুই শতাংশ আমদানি শুল্ক হ্রাস করেছে।

তিনি বলেন, অভ্যন্তরীণ শক্তির চাপের ফলে অর্থমন্ত্রী বাধ্য হয়ে কালো টাকা সাদা করার ব্যবস্থা রেখেছেন। আগামী বাজেটে এর প্রভাব পড়বে বলেও তিনি জানান।

আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের প্রাক্কালে সিপিডি বাংলাদেশের উন্নয়নের অবাধ পর্যালোচনায় দ্বিতীয়বারের মতো চলতি অর্থবছরে জিডিপি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। জিডিপি কমার আশংকার পেছনে সরাসরি বিদেশি বিনিয়োগ, শিল্পখাতে ঋণ এবং আমদানি হ্রাসের মতো বিষয়গুলোকে কারণ হিসেবে উল্লেখ করা হয়।

সিপিডি’র উন্নয়ন পর্যালোচনায় উচ্চ চাপ, মারত্মক বিদ্যুৎ ঘাটতি, জাতীয় সম্পদের ভিত্তি উন্নয়ন, তেলের মূল্যের ভারসাম্য, বৈদিশিক সাহায্য ব্যয়ের মতো বিষয়গুলো আগামী তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তী সরকারের জন্যে আগামী অর্থবছরে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সিপিডি জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের ওপর অতিরিক্তি চাপ যাতে সৃষ্টি না হয় সেজন্যে বিদায়ী সরকারের উচিত তেল, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, সাহায্য, বিনিয়োগ প্রস্তাব ইত্যাকার বিষয়গুলোর সমাধান করে যাওয়া।

ড. ভট্টাচার্য বলেন, অর্থনীতির বিষয়টি বিবেচনার পরিবর্তে সরকার আরও বেশি করে সিদ্ধান্তের রাজনীতিকীকরণের দিকে ঝুঁকে পড়েছে।

এছাড়া তিনি বলেন, স্থানীয় শক্তির কাছ থেকে চাপ আসার ফলে সরকার বিদ্যুৎ খাতে দরপত্র আহ্বান করতে পারছে না।

তিনি চলতি অর্থবছরের প্রথম দু’মাসের মধ্যে বিশ্ব ব্যাংকের মতো দাতা সংস্থাগুলোর অব্যাহত চাপের মুখে আমদানি শুল্ক কমিয়ে আনার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেন।

টাটা এবং এশিয়া এনার্জির ওপর ভবিষ্যৎ বিনিয়োগ নির্ভর করছে বলে তিনি জানান। তিনি বিনিয়োগ প্রস্তাবের ব্যাপারে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান।