গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন অব্যাহত
বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠন তাদের শ্রমিক অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
গার্মেন্টস শ্রমিকদের নুন্যতম মজুরী তিন হাজার টাকা, নিয়োগপত্র ও সাপ্তাহিক ছুটিসহ নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র রাজধানীর মুক্তঙ্গনে সমাবেশ পালন করে।
তারা তাদের দাবি পূরণের জন্যে সরকার এবং বিজিএমইএ (বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি) কে তিন সপ্তাহের সময় দিয়েছে। অন্যথায় তারা সম্মিলিত আন্দোলন শুরু করবে।
শ্রমিক নেতা শহিদুল্লাহ চৌধুরী, মন্টু ঘোষ এবং ডাঃ ওয়াজেদুল ইসলাম খানসহ অন্যান্যরা সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে গার্মেন্টস শ্রমিকরা লাল পতাকা নিয়ে নগরীতে মিছিল করে।
গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, যা কিনা ১৬টি গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জোট, নুন্যতম বেতন কমিশন গঠনসহ পাঁচ দফা দাবি পূরণের জন্যে আগামী ১২ জুন সকল গার্মেন্টস ফ্যাক্টরিতে ধর্মঘটের ডাক দিয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন বিডিনিউজকে বলেন, একজন এনজিও কর্মীকে নবগঠিত মজুরী কমিশনের শ্রমিক প্রতিনিধি করে সরকার আবারও আইওয়াশের পথ বেছে নিয়েছে।
এদিকে, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশারেফা মিশু এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ এবং সরকারকে তাদের ১১ দফা দাবি পূরণের জন্যে দুই মাসের আল্টিমেটাম ঘোষণা করেন।
তিনি জানান, গার্মেন্টস সেক্টরের সমস্যা থেকে বেড়িয়ে আসার জন্য বৃহস্পতিবার রাতে তার সংগঠন এবং বিজিএমইএ’র মধ্যে একটি সফল সভা অনুষ্ঠিত হয়। যেখানে বিজিএমইএ নেতৃবৃন্দ তাদের সকল দাবি পূরণে একমত প্রকাশ করে।
