মজুরি কমিশনে নিযুক্ত শ্রমিক প্রতিনিধির তীব্র বিরোধীতা করেছেন গার্মেন্টস শ্রমিক নেতারা
দেশের গার্মেন্টস সেক্টরের বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতারা শুক্রবার এ খাতের নূন্যতম মজুরি নির্ধারণে নবগঠিত কমিশনে নিয়োগকৃত শ্রমিক প্রতিনিধি ও তার নিয়োগ প্রক্রিয়ার তীব্র বিরোধীতা করে বলেছেন, তারা সরকারের নিয়োগকৃত এ শ্রমিক প্রতিনিধিকে মানে না।
তারা বলেন, নাজমা আক্তার নামের ওই শ্রমিক প্রতিনিধির শ্রমিক আন্দোলনের অভিজ্ঞতা কম এবং তার সংগঠন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন মাত্র গত ২৮ মে রেজিস্ট্রেশন পায়।
নেতারা সরকারের প্রতি দাবি জানান, অবিলম্বে শ্রমিক প্রতিনিধি নাম প্রত্যাহার করে নতুন প্রতিনিধি নিয়োগ করতে হবে।
তারা দাবি করেন, দেশের কোন গার্মেন্টস ট্রেড ইউনিয়নের সঙ্গে কোন আলোচনা ছাড়াই সরকারের শ্রমিক প্রতিনিধি নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ অবৈধ।
এ ব্যাপারে আগামী শনিবার বিকালে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল, জাতীয় গার্মেন্টস শ্রমিক লীগ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, স্বাধীনবাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ ১১টি শ্রমিক ফেডারেশন বৈঠক করে সম্মিলিতভাবে তাদের অবস্থান জানাবেন।
এছাড়াও রবিবারের মধ্যে আরো কয়েকটি গার্মেন্টস শ্রমিক সংগঠন তাদের অবস্থান প্রকাশ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এদিকে, বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্র জানায়, সংগঠনের পক্ষ থেকে মালিক প্রতিনিধি হিসেবে বর্তমান মেয়াদের তিন সভাপতি আনিসুল হক, টিপু মুন্সী ও এস এম ফজলুল হকের নাম পাঠানো হলে,
শ্রম মন্ত্রণালয় আনিসুল হককে নিয়োগ দেয়।
কিন্তু শ্রমিক নেতারা অভিযোগ করেন, শ্রম মন্ত্রণালয় গার্মেন্টস নেতৃবৃন্দের সঙ্গে ২৪ মে এবং তারপরে কয়েক দফা আলোচনায় বসলেও শ্রমিক প্রতিনিধি নিয়োগে তাদের সঙ্গে কোন আলোচনা বা প্রতিনিধির নাম চেয়ে কোন প্রস্তাবই করেনি।
একাধিক শ্রমিক নেতা বলেন, মজুরি কমিশনের শ্রমিক প্রতিনিধি শুধু সরকারেরই প্রতিনিধি নয়, বরং বিজিএমইএ’র
প্রতিনিধি। জানা যায়, সরকারের নিয়োগ প্রাপ্ত মজুরি কমিশনের শ্রমিক প্রতিনিধি নাজমা ২৮ মে’র আগে বাংলাদেশ ইন্ডিপেন্ডন্ট গার্মেন্টস শ্রমিক ইউনিয়নে সঙ্গে যুক্ত ছিল।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনূল ইসলাম বলেন, সরকারের শ্রমিক প্রতিনিধি নিয়োগ প্রক্রিয়াটি যেমন অবৈধ তেমনি নিয়োগকৃত ব্যক্তি নিয়ে রয়েছে বিভিন্ন ধরনের বির্তক। ফলে শ্রমিক সংগঠনগুলোর পক্ষে তা মেনে নেয়া সম্ভব নয়।
এদিকে শ্রমিক নিরাপত্তা ফোরামের নেত্রী শিরিণ আখতার বলেন, শ্রমিক প্রতিনিধি নির্বাচন করার কোন অধিকার সরকারের নেই।
তিনি বলেন, গার্মেন্টস সেক্টরের র্দীঘদিনের সমস্যা বাস্তবসম্মত সমাধানের প্রতি সরকার যেখানে সচেষ্ট হবে, সেখানে তা না করে সরকার শ্রমিক প্রতিনিধি নিয়োগ দিয়েছে অবৈধ প্রক্রিয়ায়। গার্মেন্টসের বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সরকার সমাধান করতে পারেন। এ ব্যাপারে সরকারের উদ্যোগ নেওয়া উচিত।
গার্মেন্টস নেত্রী শামীমা নাসরিন অভিযোগ করে বলেন, সরকার এমন শ্রমিক প্রতিনিধি নিয়োগ করেছে যে শ্রমিকের পরিবর্তে বিজিএমইএ পক্ষাবলম্বন করবে।
বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান বলেন, সরকার শ্রমিক নেতাদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করে বিভিন্ন সিদ্ধান্ত নিলেও এ ব্যাপরে কোন আলোচনা ছাড়াই প্রতিনিধি নিয়োগ করেছে।
তিনি বলেন, গার্মেন্টস সেক্টরের সকল ফেডারেশনের পক্ষ থেকে যৌথভাবে ন্যুনতম মজুরি ৩০০০ টাকা ঘোষণার দাবিসহ দশ দফা দাবি নিয়ে আমরা সকলে মাঠে নেমেছি। কিন্তু নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এ দাবি নিশ্চিত করা অসম্ভব হবে বলে আমরা মনে করি।
দেশের প্রায় সবকটি গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ২৯ মে সম্মিলিতভাবে ন্যুনতম তিন হাজার টাকা মূল মজুরি নির্ধারণ, অচিরেই ৩০ শতাংশ মহার্ঘ্যভাতা প্রদান, কারখানায় নিযুক্ত সকল শ্রমিককে পরিচয়পত্র প্রদান, প্রতি চার বছর অন্তর ন্যূনতম মজুরি পর্যালোচনা, শ্রমিকের পাঁচ শতাংশ লভ্যাংশ শেয়ার নিশ্চিত করা, ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করাসহ ১০ দফার একটি ন্যুনতম দাবিনামা চূড়ান্ত করেছেন।
