২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচাবাজারের বিভিন্ন পণ্যের দাম বেড়েছে, মুরগীর কেজি আবারও ৯০ টাকা

রাজধানীর সব্জিবাজারগুলোয় পটল, করলা, শষা, চিচিংগা, ও আলুর দাম আরেকদফা বেড়েছে। এ সপ্তাহে আবারও ব্রয়লার মুরগীর দাম বেড়ে কেজি প্রতি ৯০ টাকায় দাঁড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2006, 05:06 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

শুক্রবার ঢাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত দুই-তিন দিনে বেশ কিছু কাঁচা পণ্যের দাম বাড়ছে। এর আগে কয়েক সপ্তাহ এসব পণ্যের দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে থাকলেও অনেকটা স্থিতিশীল ছিলো।

গত তিনদিনে বাজারে কেজি প্রতি দাম করলা চার টাকা, শসা তিন টাকা এবং পটল ও বরবটি ২ টাকা করে বেড়েছে।

কাওরান বাজারের খুচরা বিক্রেতারা কেজি প্রতি করলা ২০-২২ টাকা, শসা ২২ টাকায়, পটল ১২ টাকায় বিক্রি করছে। বাঁচামরিচের দাম কিছুটা কমেছে।

কাওরান বাজারের খুচরা বিক্রেতা জলিল জানান, বৃষ্টির কারণে সরবরাহ কম। তাই কিছু কিছু পণ্যের দাম উর্ধ্বমূখী।

নতুন বাণিজ্যমন্ত্রীর হাফিজউদ্দন আহমেদ গত দু সপ্তাহ আগে জুনমাসে বাজারে দ্রব্যমূল্যের দাম কমবে ঘোষণা দিলেও মাসের প্রথম সপ্তাহে তার কোনও লক্ষণ বাজারে দেখা যাচ্ছে না।

ঢাকার বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতারা অভিযোগ করে বলেন, বাণিজ্যমন্ত্রী গত দু মাসে সিন্ডিকেটের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি। ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক দাম কম কোন কারণ নেই।

অন্যদিকে খুচরা বাজারে আলুর দাম এ সপ্তাহে ১৪ টাকা থেকে বেড়ে আবারও কেজি প্রতি ১৫/১৬ টাকায় বিক্রি হচ্ছে। গত এপিল মাসের শুরুতে বাজারে আলু দাম কেজি প্রতি ১৭ টাকা বিক্রি হলেও গত মাসের শেষে ১৪ টাকায় বিক্রি হয়।   

বাজারের আলু বিক্রেতা সাইফুল বলেন, আলুর বাজার প্রতি বছর স্থিাতশীল থাকলেও এ বছরে আলু দামে অস্থিতিশীলতা চলছে।

তিনি বলেন, সরকার আলু বাজারের মজুদদারি নিয়ন্ত্রণ করতে না পারলে দাম কখনও স্থিতিশীল হবে না।   

এদিকে ব্রয়লার মুরগীর দাম গত মাসে খানিকটা হ্রাস পেয়ে ৮০ থেকে ৮৫ হলেও এ সপ্তাহে আবার ৯০ টাকায় উঠে এসেছে। গরুর মাংসের দাম আগের মতই কেজি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।   

বাজারে নতুন ধান ও চালের প্রচুর সরবরাহ খাকলেও এখন চালের দাম হ্রাস পাওয়ার তেমন লক্ষণ দেখা যাচ্ছে না।