২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৃত কৃষকদের কাছে কৃষি-ভূর্তুকি পৌঁছে দিতে ডিলার নিয়োগে রাজনীতিকীকরণ বন্ধের আহবান

দেশের শীর্ষ অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকরা বৃহস্পতিবার এক প্রাক বাজেট আলোচনায় প্রকৃত কৃষকদের কাছে কৃষি-ভূর্তুকি পৌঁছাতে, ডিলার নিয়োগ প্রক্রিয়াকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উপর গুরুত্বারোপ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ডিলার নিয়োগে রাজনীতিকরণ বন্ধ করা না হলে প্রকৃত কৃষকরা ভূর্তুকির সুফল পাবে না।

কৃষি ভূর্তুকি বিতরণে স্বচ্ছতা আনয়ণ এবং অর্থনীতিতে কৃষির ভূমিকা বাড়াতে কৃষি গবেষণা খাতে উচ্চতর বরাদ্দের জন্যও অধ্যাপক মাহমুদ আহবান জানান।

জাতীয় উন্নয়ন সংস্থা ‘সমন্বয়’ দৈনিক সমকাল এবং ‘মানুষের জন্য’র যৌথ সহযোগিতায় জাতীয় প্রেসক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। বর্তমানে দেশের জিডিপিতে ২২ ভাগ অবদান রাখা কৃষকদের ইস্যুতে দৃষ্টি আকর্ষণ করতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইন প্রণেতা, অর্থনীতিবিদ এবং সুশীল সমাজের সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করেন।

সর্বশেষ ১৫ বছরের বাজেট তুলনামূলক বিশ্লেষণ ও গবেষণার কথা উল্লেখ করে সমন্বয় চেয়ারম্যান আতিউর রহমান বলেন, নীতিনির্ধারকরা কম গুরুত্ব দেওয়ায় অর্থনীতিতে কৃষির ভূমিকা হ্রাস পাচ্ছে।

কৃষি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নান এমপি বলেন, আমরা একটি এলাকায় অল্প কয়েক জনের বিপরীতে অনেক ডিলারের সন্ধান পেয়েছি। প্রত্যেক ইউনিয়নে একজন করে ডিলার থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’র শাইখ সিরাজ বলেন, পরিচয় পত্র কৃষকদের কাছে ভূর্তুকির সুফল পৌঁছে দিতে পারে।

গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রকল্প পরিচালক জাফরুল্লাহ চৌধুরী স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার কথা বলেন।

সাংসদ জিএম কাদের বলেন, দূর্নীতিই মূল প্রতিবন্ধক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সমকাল সম্পাদক আবেদ খান এবং মানুষের জন্য’র টিম লিডার শাহিন আনাম।