২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন উৎপাদন পরিকল্পনা ছাড়াই বিদ্যুৎখাতে তিনবছরের রোডম্যাপ করেছে সরকার

বিদ্যুৎ খাতের সংস্কারের বিষয়টিকে প্রাধান্য দিয়ে সরকার তিন বছর মেয়াদি একটি খসড়া রোডম্যাপ প্রণয়ন করেছে। রোডম্যাপে বিদ্যুৎ খাতের বেশ কিছু সংগঠনের সমন্বয়ে পিডিবি'কে একটি হোল্ডিং কোম্পানিতে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

রোডম্যাপে চলমান বিদ্যুৎ সঙ্কট কাটিয়ে উঠতে বিদ্যুৎ ঘাটতি কমিয়ে আনার জন্য জাতীয় গ্রিডে আরও বেশি বিদ্যুৎ সরবরাহের কোনও সুনির্দিষ্ট লক্ষ্য বা প্রস্তুতিই রাখা হয়নি ।

বিদ্যুৎ বিশেষজ্ঞরা বলেছেন, পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের কোনও ব্যবস্থা না নিয়ে সংস্কার বা পুনর্বিন্যাসের পদক্ষেপ কোনও কাজেই আসবে না।

দেশে বর্তমানে গড়ে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে। পিক আওয়ারে এ ঘাটতির পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার দুই শ’ মেগাওয়াট।

বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক বিডি রহমতউল্লাহ রোডম্যাপ উপস্থাপন করতে গিয়ে বলেন, সরকারের এ পরিকল্পনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে (পিডিবি) রূপান্তর, ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষকে (ডেসা) সমবায়ী প্রতিষ্ঠানে রূপান্তর, নতুন উৎপাদন প্রকল্প চালু করা, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশকে (পিজিসিবি) শেয়ার বাজারে ছাড়া, ২০০৬ সালের মধ্যে শুল্ক আদেশসহ কমিশনের কার্যক্রমের চালু করার মতো বেশ কিছু সংস্কার সাধনের লক্ষ্য রয়েছে।

রোডম্যাপ উপস্থাপন অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব এএনএইচ আখতার হোসেন বলেন, উৎপাদনের ঘাটতির কারণে বিদ্যুতের সঙ্কট সৃষ্টি হয়নি, ঘাটতির সৃষ্টি হয়েছে অকার্যকর বিতরণ প্রক্রিয়ার কারণে।

তিনি বলেন, আমাদের পরিকল্পনায় বিতরণের বিষয়টিকে যথার্থ গুরুত্ব দেওয়া হয়েছে।

আখতার হোসেন আরও বলেন, পিক আওয়ারে বিদুৎ ঘাটতির ক্ষেত্রে লোড ম্যানেজমেন্ট, ট্যারিফ লাইনের পুনর্বিন্যাস এবং উৎপাদন ও বিতরণের ক্ষেত্রে সংস্কার সাধনের মাধ্যমে বিদ্যুৎ খাতকে জোরদার করা হবে।

রোডম্যাপ সংক্রান্ত কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ মন্ত্রী মেজর জেনারেল (অব.) এম আনোয়ারুল কবির তালুকদার। তিনি বলেন, পরবর্তী দিনের লোড শেডিং সম্পর্কে আগাম সতর্ক করে দেওয়ার লক্ষ্যে একটি পাইলট কর্মসূটি শিগগিরই শুরু করা হবে।

এ কর্মসূচির মাধ্যমে নির্দিষ্ট এলাকায় বিদ্যুতের প্রয়োজনীয়তা এবং ২৪ ঘণ্টা আগে লোড শেডিং সম্পর্কে জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের শেষ সময়ে এসে রোডম্যাপ প্রণয়ন করা হলেও পরবর্তী সরকারের উচিত হবে এ রোডম্যাপ অনুসরণ করা।

এফবিসিসিআই'য়ের পরিচালক রউফ চৌধুরী বলেন, বিদ্যুৎ খাতে এর আগেও দেশের জনগণ ভালো ভালো বিষয় আশয় সম্বলিত এ ধরনের পরিকল্পনা, কর্মসূচি, ধারণা এবং রোডম্যাপ প্রণীত হতে দেখেছে, কিন্তু বাস্তবায়নের অভাবে শেষপর্যন্ত কোনোকিছুই হয়নি।

তিনি বলেন, আমরা জ্বালানি নিরাপত্তা, বিদ্যুতের জন্য জ্বালানির বিভিন্ন উৎস, ভবিষ্যৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এসব ব্যাপারে কথা বলে যাচ্ছি, কিন্তু গ্যাসের মজুদের ব্যাপারে বিদেশি বিনিয়োগকারীদের অব্যাহত চাপের কারণে জ্বালানি নিরাপত্তা আরও সমস্যাগ্রস্ত হয়ে পড়ছে।

তিনি বলেন, আমাদের নিজেদের শিল্প ও আবাসিক প্রয়োজনের জন্য পর্যপ্ত বিদ্যুৎ উৎপাদনের মতো গ্যাসের মজুদ যদি না থাকে তবে আমরা কীভাবে সরাসরি বিদেশি বিনিয়োগকারীদের ২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দেই।