২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রী না থাকায় সংসদের নীতিনির্ধারণী সংসদ কমিশনের বৈঠক হয়নি

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বা তার কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় বুধবার জাতীয় সংসদের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি সংসদ কমিশনের বৈঠক হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 05:03 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

অর্থমন্ত্রীর পক্ষে তার প্রতিনিধি অর্থ প্রতিমন্ত্রী শাহ মুহম্মদ আবুল হোসাইনের বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসেননি। তিনি কর কমিশনের অন্য একটি সভায় যোগ দেওয়ায় এ বৈঠকে আসতে পারেননি বলে জানা গেছে। অর্থমন্ত্রীর প্রতিনিধির অনুপস্থিতিতে কমিটির সভাপতি স্পিকার (ভারপ্রাপ্ত) অখতার হামিদ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর প্রতিনিধি কৃষি মন্ত্রী এমকে আনোয়ার ও আইন মন্ত্রীর প্রতিনিধি সাংসদ জয়নাল আবেদীন ফারুক বৈঠকে যোগ দিতে এসে এক ঘন্টা বসে থেকে চলে যান।

বুধবার সংসদ কমিশনের বৈঠকে সংসদের আগামী বছরের বাজেট অনুমোদন, সংসদের জনবল বৃদ্ধি ও নিয়োগ এবং আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল।

সংসদ সচিবালয় সূত্র জানায়, প্রতি বছর বাজেট অধিবেশনের আগে এ কমিশনের বৈঠক মাত্র একবারই হয়। বৈঠক বাতিল হলেও এর কোন নতুন সময়সূচী নির্ধারণ করা হয়নি।