২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে আমের বাম্পার ফলন

আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ এখন আম চাষী, ব্যবসায়ী এবং আমের খুচরো বিক্রেতাদের পদচারণায় জমজমাট। এবার আমের বাম্পার ফলন হওয়ায় আমচাষী ও আম ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 10:12 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জেলা সদর থেকে সোনামসজিদ মহাসড়কের দু’পাশ জুড়ে প্রায় ৩৫ কিলোমিটারে আম বাগানগুলোতে বিভিন্ন জাতের থোকা থোকা আম ঝুলছে।

আম ব্যবসায়ীরা বিডিনিউজকে জানান, জেলার সবচেয়ে বড় আমের বাজার হচ্ছে কানসাট। চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীসহ জেলার বাইরে থেকে আসা আম ব্যবসায়ীদের পদচারণায় কানসাট এখন মুখরিত। এই এলাকার শত শত দিন মজুরও ব্যস্ত সময় কাটাচ্ছে।

তারা আরও জানান, এই বছর আমের উৎপাদন ভালো হওয়ায় লাভও ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই জেলার পাঁচটি উপজেলাতেই আমের উৎপাদন হয়। তবে জেলার উৎপাদিত আমের প্রায় অর্ধেকই উৎপন্ন হয় শিবগঞ্জ উপজেলায়। এছাড়া গোমস্তাপুর, ভোলাহাট এমনকি বরেন্দ্র অঞ্চল খ্যাত নাচোল উপজেলার রুক্ষ মাটিতেও আম চাষ করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যানতত্ত্ব বিশেষজ্ঞ ড. ইত্তেফাকুল আজাদ বিডিনিউজকে জানান, এই বছর আবহাওয়া সম্পূর্ণ অনূকূলে থাকায় আম উৎপাদন ভালো হয়েছে।

কৃষি সম্প্রসারণ অফিস জানায়, গত বছর জেলার ১৬ হাজার ৬শ’ ৪৫ হেক্টর আম বাগানে এক লাখ ২৪ হাজার ৫শ’ মেট্রিক টন আম উৎপাদিত হয়েছিল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অসীম কুমার মালাকার বিডিনিউজকে জানান, সদর উপজেলায় ২ হাজার ৪শ’ ৭৫ হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে।

তিনি আরও জানান, শিবগঞ্জে ১০ হাজার ২৫০ হেক্টর, গোমস্তাপুরে এক হাজার ৯৬০, ভোলাহাটে এক হাজার ৬২৫ এবং নাচোলে ৪৪০ হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে।