খুলনার একমাত্র লাভজনক শিল্প প্রতিষ্ঠান হার্ডবোর্ড মিলের উৎপাদন বন্ধ
খুলনার একমাত্র লাভজনক শিল্প প্রতিষ্ঠান হার্ডবোর্ড মিলের উৎপাদন বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে ২৪ মে গভীর রাত থেকে এ ঘটনা ঘটে।
এদিকে চলতি মাসে মিলটির উৎপাদন লক্ষ্যমাত্রার এক চতুর্থাংশও অর্জিত হয়নি। ফলে এটি আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হট প্রেসের হাইড্রোলিক পাম্প বিকল হয়ে যাওয়ায় গত ২৪ মে রাত ৩টা ৪০ মিনিটে হার্ডবোর্ড মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। মান্ধাতা আমলের যন্ত্রাংশ দিয়ে মিলটি চালানোর ফলে প্রায়ই এর উৎপাদন বন্ধ থাকে। বন্ধ হওয়ার ছয় দিন (সোমবার পর্যন্ত) পরও মিলটি চালু করা সম্ভব হয়নি। হাইড্রোলিক পাম্পটি রেলওয়ের ওয়ার্কশপে মেরামত করতে পাঠানো হয়েছে ২৬ মে।
সূত্র জানায়, ৩১ মের আগে হাইড্রোলিক পাম্প সম্পূর্ণভাবে মেরামত করা সম্ভব হবে না। ফলে ১ জুনের আগে পুনরায় উৎপাদনে যাওয়া সম্ভব হবে না।
সূত্র মতে, হার্ডবোর্ড মিলে প্রতি মাসে ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের ১৩ লাখ বর্গফুট হার্ডবোর্ড উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু চলতি মে মাসে ২৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২লাখ ৮৮ হাজার বর্গফুট হার্ডবোর্ড উৎপাদন হয়। যা লক্ষ্যমাত্রার এক চতুর্থাংশের কম। উৎপাদন কম হওয়ায় প্রতি মাসে লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে।
অর্থের অভাবে ২০০২ সালের ১৫ ডিসেম্বর হার্ডবোর্ড মিলটি বন্ধ হয়ে যায়। প্রায় তিন বছর বন্ধ থাকার পর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ২০০৫ সালের ১৪ সেপ্টেম্বর মিলটি পুনরায় বাণিজ্যিক উৎপাদনে যায়। তারপরও মিলটি প্রায়ই যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকে।
মিলে উৎপাদন বন্ধ হওয়ার সত্যতা স্বীকার করে ডেপুটি ম্যানেজার কামরুল আহসান বলেন, আগামী ২/১ দিনের মধ্যে মিলটি চালু করা সম্ভব হবে।
