২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোট লাভের ওপর ২০ শতাংশ ভ্যাটের দাবি জানিয়েছে রেস্টুরেন্ট মালিকরা

রেস্টুরেন্ট মালিকরা মোট বিক্রির ওপর ১৫ শতাংশের পরিবর্তে মোট লাভের ওপর ২০ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতির (বিআরওএ) সভাপতি খন্দকার রুহুল আমিন বিডিনিউজকে বলেন, আমরা যেখানে ১৫ থেকে ২০ শতাংশ লাভ করে থাকি, সেখানে মোট বিক্রির ওপর সরকার ১৫ শতাংশ হারে ভ্যাট সংগ্রহ অব্যাহত রাখলে রেস্টুরেন্ট শিল্পের টিকে থাকা দুষ্কর হয়ে পড়বে।

তিনি বলেন, অন্যথায় ছোট রেস্টুরেন্টগুলোর কাছ থেকে বর্তমানে চার শতাংশ হারে যে গণভ্যাট নেওয়া হচ্ছে, তাদের কাছ থেকেও তেমনটি নিতে হবে।

রাজধানীতে বর্তমানে ২,৫০০ এর মতো রেস্টুরেন্ট ও হোটেল রয়েছে। সেগুলোর মধ্যে  ১,৫০০ হোটেল ও রেস্টুরেন্ট প্রতি বছর ১০০ কোটি টাকার মতো ভ্যাট দিয়ে থাকে।

মালিকপক্ষের দাবি, ভ্যাট সংগ্রহ পদ্ধতিতে সরকার অস্বচ্ছতা অপসারণ করলে এ খাত থেকে রাজস্ব আয় আরো অনেক বেশি হতে পারে।

রেস্টুরেন্ট মালিক সমিতি তাদের বাজেট সুপারিশে অস্বচ্ছতা ও দুর্নীতি এড়াতে সরকারকে মোট লাভের ওপর অথবা ভ্যাটের ক্ষেত্রে গণহার নির্ধারণ করার প্রস্তাব দিয়েছে।

খন্দকার রুহুল আমিন বলেন, এটি একটি সেবা খাত। আমরা সবকিছুই নগদ কিনে থাকি। মুদির দোকানদাররা কোনো ক্যাশ মেমো দেয় না। তাই আমরা কোনো পক্ষ থেকেই কোনো ছাড় পাই না।

তিনি বলেন, মালিকপক্ষকে কর্মচারিদের বেতন, সেবা সংক্রান্ত বিল ও অন্যান্য পরিচালনা খরচসহ সবধরনের খরচ লাভ থেকে মেটাতে হয়। আমাদেরকে যদি বিক্রির ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট প্রদান করতে হয়, তাহলে এতসব খরচের পর আমরা কি করে টিকে থাকবো?

বিআরওএ সভাপতি অভিযোগ করেন, অনেক রেস্টুরেন্ট দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের সাথে যোগসাজশে ছোট উদ্যোক্তার নামে চার শতাংশ হারে ভ্যাট প্রদান করে থাকে।

খন্দকার বলেন, আমরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরীর সাথে ভ্যাট সংক্রান্ত সমস্যা নিয়ে কয়েকবার কথা বলেছি।

এনবিআর চেয়ারম্যান তাদেরকে খাবারের দাম বাড়ানোর পরামর্শ দিয়েছেন বলে তিনি জানান।

রেস্টুরেন্ট মালিক আবুল কালাম আজাদ বলেন, ক্লিনিকের মতো অন্যান্য সেবা খাতগুলো যে হারে ভ্যাট প্রদান করে থাকে, আমরাও সে হারে ভ্যাট প্রদান করতে রাজি আছি।