ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাগুলো পরিদর্শন করেছে বিজিএমইএ
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দ শুক্রবার আশুলিয়া, সাভার, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ও গাজীপুরের শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত কমপক্ষে ১৫টি পোশাক কারখানা পরিদর্শন করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার সকালে দেশফেরত বিজিএমইএ সভাপতি টিপু মুনশি পরিদর্শকদলের নেতৃত্ব দেন। তারা ইউনিভার্স নিটিং লিমিটেড, ডটকম গার্মেন্টস, শান্তা গার্মেন্টস ও প্রসিউকা ডেইন পোশাক কারখানাসহ অন্তত ১৫টি কারখানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত কারখানার মালিকরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বিজিএমইএ সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী বার্তা সংস্থা বিডিনিউজকে বলেন, তারা এখন পর্যন্ত ২০টি ক্ষতিগ্রস্ত পোশাক কারখানার প্রতিবেদন পেয়েছেন। শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে আর্থিক ক্ষতিসহ চূড়ান্ত প্রতিবেদন আগামী সপ্তাহের মধ্যে প্রস্তুত করা হবে বলে তিনি জানান।
তিনি বলেন, অধিকাংশ পোশাক কারখানাই শান্তিপূর্ণভাবে কাজ শুরু করেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন ন্যুনতম মজুরির বিষয়টি কার্যকর হওয়ার বিষয়টি নির্ভর করছে পোশাক খাতের ন্যুনতম মজুরি নির্ধারণ করতে কত দ্রুত সরকার কমিটি গঠন করবে তার ওপর।
শ্রমিকদের তিনদিনের ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর জন্য বিজিএমইএ নেতৃবৃন্দ সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।
সূত্র জানায়, তিনদিনের শ্রমিক অসন্তোষের সময় ১৫ টি পোশাক কারখানা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। আর শতাধিক কারখানা আংশিক ক্ষতির শিকার হয়েছে।
বৃহস্পতিবার থেকে পোশাক কারখানাগুলোতে আবার কাজ শুরু হওয়ার পর থেকেই কারখানাগুলোতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।
