শ্রমিকদের বিক্ষোভ দমনে ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করেছে বিকেএমইএ
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) বুধবার দেশের তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের সৃষ্ট অস্থিতিশীল অবস্থা নিয়ন্ত্রণে যথযথ পদক্ষেপ না নেওয়ার জন্য সরকারকে দায়ী করেছে।
বাণিজ্যমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদের সাথে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর বিকেএমইএ সভাপতি ফজলুল হক সাংবাদিকদের জানান, দেশের প্রধান শিল্পখাত রক্ষায় সরকার খুব সামান্যই পদক্ষেপ নিয়েছে। সরকার পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে পারেনি।
রাজধানীর পানি সরবরাহ বা যানজট নিরসনে সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে, অথচ দেশের মোট রপ্তানি আয়ের ৭৫ শতাংশ তৈরি পোশাক শিল্প থেকে আসলেও এ শিল্প রক্ষায় সরকার কেন একই ধরনের পদক্ষেপ নেবে না, প্রশ্ন করেন তিনি।
বৈঠকে অন্যান্যের মধ্যে বিকেএমইএ নেতা বাহাউদ্দিন মোহাম্মদ নাসিম, আব্দুর রাশেদ, ফজলে শামীম আহসান এবং জিএম হায়দার আলী উপস্থিত ছিলেন।
ফজলুল হক বলেন, দু দিনে ঢাকা ও ঢাকার আশপাশের দু’ শ’ গার্মেন্টস কারখানায় যে ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটানো হয়েছে তাতে ক্ষতির পরিমাণ একশ’ কোটি মার্কিন ডলারের কম হবে না। কিছু বিদেশি ক্রেতা ইতোমধ্যেই তাদের ক্রয়ের সিদ্ধান্ত বাতিল করেছে।
তিনি বলেন, পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় এবং সরকারকে এ ব্যাপারে বিশেষ যতœশীল হওয়া উচিত।
তিনি আরও বলেন, আর যাতে ভাংচুরের ঘটনা না ঘটে সেজন্য তৈরি পোশাক কারখানা রয়েছে এমন এলাকাগুলোতে সেনাবাহিনী মোতায়েনের কথা আমরা বারবার বলছি।
শ্রমিকদের অসন্তোষের ঘটনার জন্য বহিরাগত ও স্থানীয় ষড়যন্ত্রকারীদের দায়ী করে বাণিজ্যমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ বলেন, পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা বুধবার সকালে ভাংচুরের কিছু পদক্ষেপ বানচাল করে দেয়।
তিনি সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্ত গার্মেন্টস মালিকদের বিশেষ ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি অর্থমন্ত্রীকে অনুরোধ জানাব।
