২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েক দিনের সংঘর্ষ, ভাংচুরের পর শান্ত হয়েছে দেশের পোশাক শিল্প খাত

রাজধানী ঢাকা ও এর আশেপাশের শিল্পাঞ্চল এবং ফ্যাক্টরিগুলোর কাছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর টহলের মুখে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে গত কয়েকদিনের উন্মত্ত ভাংচুর ও সংঘর্ষের পর বুধবার দেশের পোশাক শিল্প খাতের পরিস্থিতি বেশ শান্ত ছিলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

রাজধানীর সায়দাবাদ, নারায়ণগঞ্জ ও বেশ কিছু অঞ্চলে বুধবার সকাল ও বিকেলে বিচ্ছিন্ন বিক্ষোভ হলেও সহিংস কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।

বুধবারও পর পর তিনদিনের মত বহু গার্মেন্টস কারখানার উৎপাদন বন্ধ ছিলো। অবশ্য দেশের সবচে বেশি বিদেশী অর্থ আয়ের এ খাতের পরিস্থিতি বৃহস্পতিবার থেকে স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ঘোষণা করেছে, তারা বৃহস্পতিবার থেকে কারখানা চালু করবে।

গার্মেন্টস শ্রমিকদের ১০টি সংগঠন অবিলম্বে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, শ্রমিকরা নয়, কোনো একটি অদৃশ্য শক্তি এই ভাংচুর চালিয়েছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩,০০০ টাকা নির্ধারণ করতে তারা পাঁচদিনের আল্টিমেটাম দিয়েছে।

এদিকে বিজিএমই বিয়াম মিলনায়তনে এক জরুরি বৈঠকে ক্ষতিগ্রস্ত গার্মেন্টস কারখানাগুলোর জন্যে সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। তারা কেন্দ্রীয় এবং স্থানীয়ভাবে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ খোলার ঘোষণা দিয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, আগের পরিস্থিতি শান্ত হোক। তারপর সরকার এ বিষয়গুলো দেখবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এক সংবাদ সম্মেলনে এ ঘটনাকে সরকারের ব্যর্থতা হিসেবে মন্তব্য করে সোম ও মঙ্গলবারের ভাংচুরের ঘটনা তদন্তে ‘গণতদন্ত কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন।    

জাতীয় ঐক্যমঞ্চের সভাপতি ড. কামাল হোসেন এবং সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারা বাংলাদেশ--এর প্রধান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী এক যৌথ সংবাদ সম্মেলনে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।

শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ নেতারা বলেছেন, দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, অবহেলার পুঞ্জিভূত ক্ষোভে স্বতঃস্ফুর্ত ও অনিবার্য বহিঃপ্রকাশ ঘটেছে গত কয়েকদিনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে।

তারা বলেন, এ আন্দোলন সংগ্রামে কিছু অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত ঘটনা ঘটেছে, যা কারো কাম্য নয়। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে বিজিএমইএ যে আচরণ ও পক্ষপাতপুষ্ট মন্তব্য করেছে, তা শিল্প মালিকদের জন্যে শোভনীয় নয় এবং শিল্প বিকাশ ও ব্যবসা--বাণিজ্যের জন্যেও সহায়ক নয়।

সিপিডি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে দেশের পোশাক খাতে চলমান অস্থিতিশীলতার জন্যে অসম উন্নয়নকেই দায়ী করা হয়েছে। যদিও বিজিএমইএ পোশাক খাতকে ধ্বংসের জন্যে বর্হিশক্তিকেই দায়ী করেছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, দেশের পোশাক শিল্প খাতের প্রবৃদ্ধিকে ব্যাহত করতে বাইরে থেকে ইন্ধন দেওয়া হচ্ছে।

তিনি বলেছেন, কয়েকদিনে যা ঘটেছে, তা খুবই হতাশাব্যঞ্জক। শ্রমিকরা ভাংচুর করতে পারে বলে আমি বিশ্বাস করি না।

বাণিজ্যমন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বিকেএমইএ--এর সাথে এক বৈঠকে পুরো ঘটনাকে ‘স্যাবোট্যাজ’ বলে উল্লেখ করেছেন। বিকেএমইএ অবশ্য বলেছে, সরকার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি।

বিজেএমইএও একই ধরনের অভিযোগ এনেছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের বলেছেন, গোয়েন্দা তথ্য ছিলো, কিন্তু অল্প কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।